যোগফল প্রতিবেদক:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ডিহি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পলাশকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান পলাশ তেবাড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শার্শা থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে পলাশকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরকদ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
ওসি শামিনুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা সীমান্ত ও থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম