ধর্ষণ মামলায় চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক। এছাড়া গত ১৪ মে দলটির সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য করা হয়।
চান্দগাঁও থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগী তরুণীর সঙ্গে আফতাব মজুমদারের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে অভিযুক্ত শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে তরুণী বিয়ের আগে তাতে অসম্মতি জানান।
এজাহারে আরও বলা হয়, গত ১৪ জুলাই সকালে বিয়ের আশ্বাস দিয়ে আফতাব মজুমদার নগরীর বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে তরুণীকে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বারবার বিয়ের কথা বললেও বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং একসময় সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, পরে ভুক্তভোগী জানতে পারেন আফতাব মজুমদার আগে থেকেই বিবাহিত। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে তিনি চান্দগাঁও থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণ মামলার আসামি আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে গ্রেপ্তারের স্থান ও সময় সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে নগরীর হালিশহর বিডিআর মাঠসংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
এদিকে স্থানীয়ভাবে আফতাব মজুমদারের ব্যক্তিজীবন নিয়ে একাধিক বিয়ের আলোচনা রয়েছে বলে জানা গেলেও, এসব তথ্যের স্বাধীন ও প্রামাণ্য সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় বা চট্টগ্রাম মহানগর কমিটির কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন