খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র, ১৪৩৩

কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হাব গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হাব গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন হাবে রূপ দিতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পর্যটনমন্ত্রী বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে আমরা একটি আন্তর্জাতিক পর্যটন হাবে পরিণত করতে চাই।” তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পর্যটন করপোরেশনের কক্সবাজারের হোটেলগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজারের উন্নয়নে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম মডেল অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আফরোজা খানম আরও বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন শিগগিরই সম্ভব হবে বলে সরকার আশাবাদী। বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজার আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে এবং পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য একটি নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। সেই পরিকল্পনায় আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তোলা, মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট নির্মাণ এবং ব্লু ইকোনমি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়েছে।

সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট অংশীজনের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করে কক্সবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ দ্রুত শুরু করার নির্দেশনা দেন।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কক্সবাজার শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রেও আরও গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কমjjjj

শেখ হাসিনার আসতে হবে না, তাকে ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শেখ হাসিনার আসতে হবে না, তাকে ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

 যোগফল প্রতিবেদক:

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের অবস্থান দৃঢ় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন বা তাকে ফিরিয়ে আনা হোক—সরকার প্রত্যর্পণের দাবি থেকে সরে আসবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের ওপর চাপ তৈরির কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে—এমন আলোচনা নাকচ করে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বর্তমানে একজন পলাতক আসামি এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা নিজে দেশে আসুন কিংবা সরকার তাকে ফিরিয়ে আনুক, প্রত্যর্পণের দাবি বাস্তবায়নে সরকার কাজ করে যাবে। এ বিষয়ে কোনো কৌশল বা ভিন্ন উদ্দেশ্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, শেখ হাসিনার এ ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য বিরক্তিকর ও সংবেদনশীল। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভারত চাইলে কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও গণমাধ্যমে উপস্থিতির বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

ভারতীয় হাইকমিশনারের কাছে এ বিষয়ে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের মানুষের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে, সেটি ভারতের বোঝা উচিত। দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। সম্প্রতি আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দেওয়ার কথা জানা গেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাঘারপাড়ায় সাক্ষরতা দিবসে দক্ষতা উন্নয়নের তাগিদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাঘারপাড়ায় সাক্ষরতা দিবসে দক্ষতা উন্নয়নের তাগিদ

 যোগফল প্রতিবেদক:

সাক্ষরতা অর্জন করি, দক্ষতা উন্নয়ন করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য সাক্ষরতার কোনো বিকল্প নেই। তবে শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সাক্ষরতার লক্ষ্য সীমাবদ্ধ রাখলে চলবে না। মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে শিক্ষার পাশাপাশি কারিগরি ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

বক্তারা আরও বলেন, নিরক্ষরমুক্ত পরিবেশ গড়ে তোলা, সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সামাজিক অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নোরা ফাতেহির মন্তব্যে এভিয়েশন কোম্পানির ব্যবসায় ধসের দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নোরা ফাতেহির মন্তব্যে এভিয়েশন কোম্পানির ব্যবসায় ধসের দাবি

যোগফল প্রতিবেদক:

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা করেছে একটি এভিয়েশন কোম্পানি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোম্পানিটির চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা বিমান’ হিসেবে উল্লেখ করে মন্তব্য করায় তাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

মামলাটির শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি উড়োজাহাজের ভেতরে ভিডিও ধারণ করেন নোরা ফাতেহি। পরে ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। সেখানে উড়োজাহাজটিকে ‘খেলনা’ হিসেবে উল্লেখ করা হয় বলে অভিযোগ করেছে এভিয়েশন কোম্পানিটি।

কোম্পানিটির দাবি, নোরা ফাতেহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৪ কোটি ৬০ লাখের বেশি অনুসারী থাকায় তার মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। এর প্রভাবে উড়োজাহাজটির বুকিং বাতিল হতে শুরু করে এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।

মামলায় আরও দাবি করা হয়েছে, ভিডিওটি প্রকাশের পর কোম্পানিটির বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে।

এভিয়েশন কোম্পানিটি নোরা ফাতেহির কাছে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উড়োজাহাজটি নিয়ে করা তার মন্তব্য, পোস্ট ও অন্যান্য কনটেন্ট সরিয়ে নেওয়ার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া অভিনেত্রীকে প্রকাশ্যে এ বিষয়ে ব্যাখ্যা বা স্পষ্টীকরণ দেওয়ার নির্দেশ দেওয়ারও আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

তবে মামলার অভিযোগগুলো আদালতে বিচারাধীন এবং নোরা ফাতেহির বক্তব্য বা মামলার বিষয়ে তার পক্ষের বিস্তারিত প্রতিক্রিয়া এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম