বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে: মির্জা ফখরুল
বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধীদল গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে এবং সব সংকটের সমাধান এখনই চাচ্ছে।
রোববার (৯ আগস্ট) রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের গ্যাস সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকেও ধ্বংস করে গেছে। নানা সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকটের সমাধান করা হবে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে চার হাজার ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এসব ক্ষতি কাটিয়ে দেশকে ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে।
বিরোধীদলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তারা এখন শেখ হাসিনার ভাষায় কথা বলছেন এবং সরকারকে নানাভাবে টেনে ধরার চেষ্টা করছেন। সব সংকট তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল। গুম, খুন ও নির্যাতনের রেকর্ড করেছিল ওই সরকার। বর্তমানে দেশের মানুষ শান্তিতে নিশ্বাস নিতে পারছে।
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, দেশে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। আমদানির ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির কারণে এমনটি হয়ে থাকে। বর্তমান সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে ও লিখতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা যে ভাষায় কথা বলছে, সেটি গণতন্ত্রের ভাষা নয়। সরকার উন্নয়নকাজ শুরু করেছে এবং দেশকে এগিয়ে নিতে কাজ করছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারকে সরানোর আন্দোলনে দেশের বাইরে অবস্থান করা বাংলাদেশিরাও অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন করা হয়। পরে ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি ঘর হস্তান্তর করা হয়।
লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন