খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ, ১৪৩৩

লিংকনের বদলে মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
লিংকনের বদলে মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন

দীর্ঘ প্রায় নয় মাসের মোতায়েন শেষে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের বদলে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরেক বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন।

২০২৫ সালের নভেম্বরে মোতায়েন করা হয় ইউএসএস আব্রাহাম লিংকনকে। শুরুতে এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দায়িত্ব পালন করলেও ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে রণতরিটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।

দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করায় লিংকের নাবিকদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ, পাশাপাশি নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা।

সম্প্রতি নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের সঙ্গে এক বৈঠকে পরিবারের সদস্যরা জানতে চান, লিংকন কবে দেশে ফিরবে। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে বিমানবাহী রণতরির চলাচলের নির্দিষ্ট সময় সাধারণত প্রকাশ করে না মার্কিন নৌবাহিনী।

নৌবাহিনীর সচিব হাং কাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পরিকল্পিত রোটেশনের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকন শিগগিরই দেশে ফিরবে।

দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকজন নাবিকের পরিবারের সদস্য দাবি করেছেন, একাধিক নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছিলেন।

তবে নৌবাহিনী এ দাবির সঙ্গে পুরোপুরি একমত নয়। তাদের দাবি, জাহাজে আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা বেড়েছে—এমন কোনো তথ্য তাদের কাছে নেই। বরং মোতায়েনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ঘটনা কমেছে।

চলতি মাসের শুরুতে লিংকনের এক নাবিক জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। কীভাবে তিনি পানিতে পড়ে গেলেন, তা তদন্ত করছে নৌবাহিনী। এর আগে গত এপ্রিল মাসে লিংকনের সঙ্গে থাকা একটি ডেস্ট্রয়ার থেকেও এক নাবিক পানিতে পড়ে গিয়েছিলেন। তাকেও নিরাপদে উদ্ধার করা হয়।

নাবিকদের মানসিক সহায়তা বাড়াতে লিংকনে অতিরিক্ত সমাজকর্মী ও কাউন্সেলর পাঠানো হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী।

এদিকে জাহাজে খাবার ও অন্যান্য সরবরাহের ঘাটতি নিয়েও অভিযোগ উঠেছে। এক নাবিকের পরিবারের সদস্য জানান, মোতায়েনের শুরুর দিকে নতুন সরবরাহ পৌঁছাতে দেরি হওয়ায় কিছু সময় খাবারের সংকট দেখা দিয়েছিল। পরে অবশ্য পরিস্থিতির উন্নতি হয়েছে।

নৌবাহিনীও কিছু সরবরাহে বিলম্বের বিষয়টি স্বীকার করেছে। তাদের ভাষ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে প্রচলিত সরবরাহ কেন্দ্রগুলো বাধাগ্রস্ত হওয়ায় কিছু সামগ্রী জাহাজে পৌঁছাতে দেরি হয়েছে। তবে বর্তমানে লিংকনে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্বাস্থ্যকর খাবার রয়েছে বলে জানিয়েছে তারা।

লিংকনের পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরাও পেন্টাগনের কাছে তথ্য চেয়েছেন। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল জাহাজটির পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লিংকন নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’ বলে দাবি করেছেন। তার ভাষ্য, প্রতিটি জাহাজ, নাবিক ও কমান্ডারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে মার্কিন সামরিক বাহিনী।

অন্যদিকে জাপানের ইয়োকোসুকা ঘাঁটিতে অবস্থানরত ইউএসএস জর্জ ওয়াশিংটন গত মে মাসে প্রশান্ত মহাসাগরে টহলের উদ্দেশ্যে যাত্রা করে। চলতি সপ্তাহে রণতরিটিকে মালাক্কা প্রণালি হয়ে পশ্চিম দিকে যেতে দেখা গেছে।

মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর ইউএসএস জর্জ ওয়াশিংটন সেখানে মোতায়েন থাকা আরেক মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে যুক্ত হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তরুণ আইনজীবী মহিউদ্দিন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তরুণ আইনজীবী মহিউদ্দিন

সুনামগঞ্জ সদর উপজেলার ১ নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন। নির্বাচনে জয়ী হলে ইউনিয়নটিকে আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং জবাবদিহিমূলক মডেল ইউনিয়নে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে আগ্রহ ও উৎসাহ। এরই মধ্যে গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় হয়েছেন অ্যাডভোকেট মহিউদ্দিন।

অ্যাডভোকেট মহিউদ্দিন সুনামগঞ্জ আদালতের একজন তরুণ আইনজীবী। সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে তিনি পরিচিত মুখ বলে দাবি করেছেন তাঁর সমর্থকেরা। শিক্ষা, ন্যায়বিচার, উন্নয়ন ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যে বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন মহিউদ্দিন

মাদক নির্মূল:
ইউনিয়নের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

আধুনিক ইউনিয়ন গঠন:
যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়ানোর মাধ্যমে জাহাঙ্গীরনগর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

স্বচ্ছতা ও জবাবদিহিতা:
ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন এই প্রার্থী।

জনকল্যাণ ও উন্নয়ন:
অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

স্থানীয় সচেতন ভোটারদের মতে, ইউনিয়নের উন্নয়নের জন্য সৎ, যোগ্য, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। বিশেষ করে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন—এমন নেতৃত্বই তারা প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন কয়েকজন ভোটার।

এদিকে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় জাহাঙ্গীরনগর ইউনিয়নে নির্বাচনী আমেজ আরও বাড়ছে।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মহিউদ্দিন ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

‘পাখি কলোনি’তে গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্ট, গ্রেপ্তার ১

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘পাখি কলোনি’তে গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্ট, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে ‘পাখি কলোনি’ হিসেবে পরিচিত রামনগর গ্রামে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার মামলায় আজাহার আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামনগর গ্রামে আজাহার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দেয়াল টপকে পাশের জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আজাহার। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ শনিবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামনগর গ্রামে আজাহার আলী তার ব্যক্তিগত জমিতে থাকা সাতটি জলপাই ও পীতরাজগাছ কেটে ফেলেন। এসব গাছে পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছিল।

গাছ কাটার সময় একের পর এক পাখির বাসা মাটিতে পড়ে যায়। এতে বাসার থাকা ডিম ও ছানা নষ্ট হয়। এ ঘটনায় বন বিভাগের শেরপুর রেঞ্জের কর্মকর্তা মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে মঙ্গলবার রাতে শেরপুর থানায় মামলা করেন। মামলায় আজাহার আলীকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, মামলা দায়েরের পর তদন্ত করে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় বলেন, রামনগর গ্রামের বিভিন্ন গাছে প্রতিবছর পরিযায়ী শামুকখোলসহ নানা প্রজাতির পাখি এসে বাসা বাঁধে। এ কারণে এলাকাটি স্থানীয়ভাবে ‘পাখি কলোনি’ নামে পরিচিত।

তিনি জানান, গত ৮ আগস্ট গাছ কাটার সময় পাখির অসংখ্য বাসা মাটিতে পড়ে যায়। এতে অনেক ডিম নষ্ট হওয়ার পাশাপাশি বেশ কিছু ছানা মারা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ৪:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে তিন কর্মীকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের লালপুর উপজেলা শাখা।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজীবুল হৃদয় ও মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশেদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়।

ঘটনাটি তদন্ত ও যাচাইয়ের পর এতে ওই তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মো. জাহিদ হোসেন, মো. শফিকুল ইসলাম শফিক ও মো. মামুন আলীকে বহিষ্কার করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম