খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র, ১৪৩৩

পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই অ্যাথলেট, বাতিল সব পদক

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই অ্যাথলেট, বাতিল সব পদক

জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে ঘিরে দীর্ঘদিন ধরেই লিঙ্গ পরিচয় নিয়ে বিতর্ক চলছিল। মেডিক্যাল পরীক্ষার পর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি তাদের নারী বিভাগে অংশগ্রহণের যোগ্য নন বলে সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দুজনের জাতীয় প্রতিযোগিতার সব পদক বাতিল এবং আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জান্নাত বেগম বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট এবং কবিতা রায় বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। ২৮ বছর বয়সী জান্নাত থ্রো ইভেন্টে এবং ১৯ বছর বয়সী কবিতা স্প্রিন্টে অংশ নিতেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর লিঙ্গ নির্ধারণে মেডিক্যাল পরীক্ষা করানোর উদ্যোগ নেয় অ্যাথলেটিকস ফেডারেশনের আগের কমিটি। এ জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়।

২০২৫ সালের ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ডের কার্যক্রম গত ১১ মে শেষ হয় এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের কাছে জমা দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, দুজনের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা নারী অ্যাথলেটদের জন্য নির্ধারিত সীমার তুলনায় অনেক বেশি পাওয়া গেছে। জান্নাত বেগমের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া যায় ১৯ দশমিক ৬৬ ন্যানোমোল/লিটার। আর কবিতা রায়ের ক্ষেত্রে এই মাত্রা ছিল ১৬ দশমিক ৫০ ন্যানোমোল/লিটার।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নিয়ম অনুযায়ী নারী বিভাগে অংশগ্রহণের ক্ষেত্রে অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে থাকা বাধ্যতামূলক।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতেই দুজনের পদক বাতিল ও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, জান্নাতের কয়েকটি সোনাসহ মোট ৯টি পদক রয়েছে। অন্যদিকে কবিতার পদক রয়েছে প্রায় চারটি। এসব পদক এখন পরবর্তী যোগ্য প্রতিযোগীদের মধ্যে পুনর্বণ্টন করা হবে।

ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, জান্নাত বেগম ও কবিতা রায়কে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে নারী বিভাগে ভবিষ্যতে আর কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তারা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দুই মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

রোববার (১৬ আগস্ট) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

আইনজীবী জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি মামুনের জামিন মঞ্জুর করেন। এ মামলায় এক হাজার টাকা মুচলেকা এবং পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মামুনের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

দুই মামলাতেই জামিন পাওয়ায় প্রিন্স মামুনের কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাকায় আসছেন ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ক্যানেজিয়া

ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ ছিলেন।

আগামী সোমবার অনুষ্ঠিত হবে ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

তরুণ ও উদীয়মান ফুটবলারদের উৎসাহিত করতেই ক্যানেজিয়া সৌজন্যমূলক সফরে বাংলাদেশে আসছেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবেন তিনি।

বাংলাদেশ সফরকালে ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামো পরিদর্শন করবেন ক্যানেজিয়া। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টায় শুরু হবে সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। ম্যাচ শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

পরে বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও তারকা অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করতেই স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

স্বর্ণের দামে বড় পরিবর্তন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বর্ণের দামে বড় পরিবর্তন

এক দিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ৫ শতাংশ ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের অলংকার কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে আবারও একই পরিমাণ দাম বেড়ে গেল।

বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা

এর মধ্যে ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা।

এর আগে ১৪ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে।

তবে স্বর্ণের নির্ধারিত দামের মধ্যে ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই জুয়েলারি প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না। তবে অলংকারের ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি বা মেকিং চার্জ আলাদাভাবে প্রযোজ্য হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম