যুক্তরাজ্যে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট
যোগফল প্রতিবেদক:
সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রেইজিং ইভেন্ট।
রোববার (২৩ আগস্ট) নিউবেরি পার্কের আলডারবরাহ সাউথের ফোর্ড স্পোর্টস সোশ্যাল ক্লাবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের অন্যতম ফাউন্ডার ট্রাস্টি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও হোস্ট মোহাম্মদ অহিদ উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার এবং মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল এবং ইয়াং ট্যালেন্ট প্রেজেন্টার তামান্না মিয়া। আয়োজনে সহযোগিতা করেন ফরহাদ হোসেন টিপু ও মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর হাসপাতালের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা বলেন, দেশের অনেক রোগী অর্থনৈতিক সীমাবদ্ধতা ও চিকিৎসাসেবার অপ্রতুলতার কারণে সময়মতো ক্যান্সারের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে সিলেটসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই হাসপাতাল প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।
ফান্ড রেইজিং অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। হাসপাতালের চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আহ্বান জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ভবিষ্যতে সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন