খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র, ১৪৩৩

চার গোলের ঝড়ে মেসির মায়ামি, মন্ট্রিলকে ৭-১ গোলে বিধ্বস্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চার গোলের ঝড়ে মেসির মায়ামি, মন্ট্রিলকে ৭-১ গোলে বিধ্বস্ত

 যোগফল প্রতিবেদক:

টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের পথে ফিরেছে ইন্টার মায়ামি। আর সেই ফেরার রাতটিকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার চার গোল ও এক অ্যাসিস্টে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।

শনিবার (২৯ আগস্ট) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার মায়ামি। এই জয়টি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় এবং এক ম্যাচে সর্বোচ্চ সাত গোল করার নতুন রেকর্ডও গড়েছে।

ম্যাচের ২০ মিনিটে টেলাসকো সেগোভিয়ার কর্নার থেকে হেড করে মায়ামিকে এগিয়ে দেন ক্যাসেমিরো। তবে ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিল।

এর মাত্র তিন মিনিট পরই মায়ামিকে আবার এগিয়ে দেন মেসি। ডান দিকের ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির একক আধিপত্য। ৫২ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৮০ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান ৪-১ করেন লুইস সুয়ারেজ।

৮৩ মিনিটে গোলরক্ষকের ওপর দিয়ে চিপ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় আলেক্সান্ডার শ মায়ামির হয়ে ষষ্ঠ গোল করেন। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরেকটি ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোল করে ৭-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন মেসি।

এটি এমএলএসে মেসির ক্যারিয়ারে প্রথম চার গোলের ম্যাচ। এই চার গোলের পর চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এর মাধ্যমে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে এসেছেন। ম্যাচে এক গোল করানোর ফলে মেসির অ্যাসিস্টও দাঁড়িয়েছে ১০টিতে।

সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে এটি মেসির এক ম্যাচে চার বা তার বেশি গোল করার নবম ঘটনা। অন্যদিকে, টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর এই দুর্দান্ত জয় মায়ামিকে লিগের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছে।

মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজ এখনও যুক্তরাষ্ট্রের ওয়ার্ক পারমিট না পাওয়ায় ম্যাচটিতে দায়িত্বে ছিলেন অন্তর্বর্তী কোচ গুইলের্মো হোয়োস। তবে নিষেধাজ্ঞার কারণে তিনি ডাগআউটে ছিলেন না।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ২:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

 যোগফল প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে বিএনপি নেতা ইসহাক জোমাদ্দার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদাবর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মহেশ চন্দ্র সিংহ শাহজাহান ওমরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার তথ্য অনুযায়ী, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) আদাবর থানা এলাকার সাবেক ৩০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন।

পরে গুরুতর অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় শাহজাহান ওমরকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ইসহাক জোমাদ্দার নিহত হন বলে মামলার তদন্তে উঠে এসেছে। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং জামিনে মুক্তি পেয়ে আসামির আত্মগোপনে যাওয়ার আশঙ্কা ঠেকাতে শাহজাহান ওমরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট থানা, ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক আইনের মামলা বিচারাধীন রয়েছে।

আদালতের এ আদেশের ফলে ইসহাক জোমাদ্দার হত্যা মামলায় শাহজাহান ওমরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলো।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

করিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ২:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
করিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়

 যোগফল প্রতিবেদক:

বলিউড অভিনেত্রী করিনা কাপুরকে ঘিরে নতুন একটি সিনেমায় অভিনয়ের গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত সেই খবরের সত্যতা পাওয়া যায়নি। নির্মাতা আরতি কাদবের আসন্ন একটি প্রজেক্টে করিনা অভিনয় করছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছিল। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, এই গুঞ্জন সঠিক নয়।

জানা গেছে, হরমন বাওয়েজা প্রযোজিত আরতি কাদবের ওই সিনেমার সঙ্গে করিনা কাপুরের কোনো সম্পৃক্ততা নেই। একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন প্রতিবেদনে করিনাকে সিনেমাটির সঙ্গে যুক্ত করার যে দাবি করা হয়েছে, তা ভুল। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্যও নেই।

তবে নতুন সিনেমা নিয়ে গুঞ্জন থাকলেও কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন করিনা। খুব শিগগিরই তাকে দেখা যাবে নির্মাতা মেঘনা গুলজারের ক্রাইম ড্রামা ‘দায়রা’-তে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দায়রা’ সিনেমার গল্পে অপরাধ, অপরাধবোধ ও ন্যায়বিচারের বিষয়গুলো গুরুত্ব পাবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে জংলি পিকচার্স ও পেন স্টুডিওজ।

নির্মাতা মেঘনা গুলজার এর আগে ‘রাজি’ ও ‘তালভার’-এর মতো প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন। অন্যদিকে পেন স্টুডিওজের প্রযোজনায় ‘আরআরআর’ ও ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র মতো বড় সিনেমা দর্শকদের সামনে এসেছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে করিনা কাপুর ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ‘দায়রা’।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বক্স অফিসে মুখোমুখি দুই ‘কিং’, শাহরুখকে চ্যালেঞ্জ নাগার্জুনের

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ২:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বক্স অফিসে মুখোমুখি দুই ‘কিং’, শাহরুখকে চ্যালেঞ্জ নাগার্জুনের

 যোগফল প্রতিবেদক:

২০২৬ সালের বড়দিনে বলিউড ও দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বড় এক লড়াই। একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘কিং’ এবং দক্ষিণী তারকা নাগার্জুনের শততম সিনেমা ‘কিং১০০’। ফলে বড়দিনে বক্স অফিসের লড়াইটা যেন দুই তারকার ‘রাজত্ব’ নিয়েই।

তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে বক্স অফিসে সাফল্য পাওয়ার পর নতুন কোনো পূর্ণাঙ্গ সিনেমায় তাকে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমা দিয়ে ফিরছেন তিনি।

২৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে প্রথমবার বড় পর্দায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। সিনেমাটিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও অনিল কাপুরসহ বেশ কয়েকজন তারকা।

অন্যদিকে নিজের শততম সিনেমা নিয়ে চমক দিতে প্রস্তুত নাগার্জুন। ২৯ আগস্ট নিজের ৬৭তম জন্মদিনে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেন তিনি। ‘কিং১০০’ নামের সিনেমাটিও মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।

আরএ কার্তিক পরিচালিত ‘কিং১০০’ প্রযোজনা করছে অন্নপূর্ণা স্টুডিওস। সিনেমাটিতে নাগার্জুনের সঙ্গে অভিনয় করছেন টাবু ও অ্যাশরিয়া রাজেশ। দীর্ঘ বিরতির পর নাগার্জুন ও টাবুকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে।

একই দিনে দুই ‘কিং’-এর আগমন ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। একদিকে শাহরুখের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন, অন্যদিকে নাগার্জুনের শততম সিনেমা—দুই ছবির প্রতিই রয়েছে আলাদা প্রত্যাশা।

এখন দেখার বিষয়, বড়দিনের বক্স অফিসে শেষ পর্যন্ত কার রাজত্ব প্রতিষ্ঠিত হয়—শাহরুখের ‘কিং’, নাকি নাগার্জুনের ‘কিং১০০’?

রাজা দুজন হলেও বক্স অফিসের সিংহাসন শেষ পর্যন্ত কার দখলে যায়, সেটিই এখন দেখার অপেক্ষা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম