খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে দাম, স্বস্তিতে ক্রেতারা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে দাম, স্বস্তিতে ক্রেতারা

যোগফল প্রতিবেদক:

চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে প্রায় চার মাস পর ইলিশের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে গত কয়েকদিনে জেলার বাজারগুলোতে ইলিশের দাম কেজিপ্রতি গড়ে প্রায় ৪০০ টাকা কমেছে। সরবরাহ বাড়ায় মাছঘাট ও সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে ব্যস্ততা।

মৎস্য ব্যবসায়ীরা জানান, গত ৩০ এপ্রিল জাটকা ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত চার মাস ধরে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০ মণ ইলিশ আসত। তবে গত কয়েকদিনে সরবরাহ বেড়ে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ মণ ইলিশ আসছে।

মাছঘাটে গিয়ে দেখা গেছে, তিন দিন আগেও এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হলেও বর্তমানে সরবরাহ বাড়ায় তা বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ টাকায়। শহরের বিপণীবাগ কাঁচাবাজারে একই ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ টাকা।

এ ছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি প্রায় ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ২ হাজার ৫০০ টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশ বর্তমানে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আগে এর দাম ছিল ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা।

ব্যবসায়ীদের দাবি, বর্তমানে ঘাটে আসা এসব ইলিশ পদ্মা নদীর টাটকা ইলিশ।

গত সোমবার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দুই কেজি ওজনের একটি ‘রাজা ইলিশ’ কেজিপ্রতি সাড়ে ৪ হাজার টাকা দরে বিক্রি হয়। মাছটির মোট দাম ছিল ৯ হাজার টাকা।

প্রবীণ মাছ বিক্রেতা আবুল হোসেন বলেন, বড় ইলিশের স্বাদ তুলনামূলক ভালো হওয়ায় এর চাহিদাও বেশি।

ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, বর্তমানে ইলিশের মূল মৌসুম চলছে। অমাবস্যার প্রভাবে গত ২৮ আগস্ট থেকে ইলিশের সরবরাহ বেড়েছে। আগামী অক্টোবর পর্যন্ত নদীতে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ ধরা পড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার বলেন, গত কয়েকদিন ধরে ঘাটে ইলিশের আমদানি বেড়েছে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ মণ ইলিশ আসছে। গত রোববারও প্রায় সাড়ে ৩৫০ মণ ইলিশের আমদানি হয়েছে। সামনে আরও বেশি ইলিশ পাওয়া গেলে দাম আরও কমতে পারে।

ইলিশের সরবরাহ বাড়ায় মাছঘাটের শ্রমিকদের ব্যস্ততাও বেড়েছে। মাছ সংরক্ষণ ও প্যাকেটজাত করতে বরফকলগুলোতেও বেড়েছে কাজের চাপ। ব্যবসায়ীরা জানান, বরফে সংরক্ষণ ও প্যাকেটজাত করার পর ট্রাকে করে এসব ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

এদিকে, মাছঘাটসংলগ্ন একটি কক্ষে অপেক্ষাকৃত নিম্নমানের বা ‘রিজেক্টেড’ ইলিশের পেট থেকে ডিম সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত ও প্যাকেট করতে দেখা গেছে শ্রমিকদের।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এক কেজি ইলিশের ডিমের প্যাকেট সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। বড় ইলিশ থেকে সংগ্রহ করা ডিমের দাম আরও বেশি—কেজিপ্রতি ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত। এসব ডিম চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

এ ছাড়া ডিম ছাড়ানোর পর কিছু ইলিশে হালকা কাটার দাগ দিয়ে লবণ মাখিয়ে প্রক্রিয়াজাত করা হয়। পরে হলুদ মিশিয়ে শুকিয়ে তৈরি করা হয় ‘কাটা ইলিশ’। এসব কাটা ইলিশ কেজিপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়। দেশের বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাতেও এর চাহিদা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, শত বছরের পুরোনো চাঁদপুর বড় স্টেশন মাছঘাট জেলার সবচেয়ে বড় মাছের আড়তগুলোর একটি। ইলিশের মৌসুমে সরবরাহ বাড়ায় বর্তমানে ঘাটটিতে ব্যবসায়ী, শ্রমিক ও ক্রেতাদের ব্যস্ততা বেড়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

‘তুমি একা নও’ বিধ্বস্ত নেপালে ত্রাণ নিয়ে ছুটে গেলেন সোনু সুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘তুমি একা নও’ বিধ্বস্ত নেপালে ত্রাণ নিয়ে ছুটে গেলেন সোনু সুদ

 যোগফল প্রতিবেদক:

বিপর্যস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী নিয়ে দেশটিতে পৌঁছেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। নিজের ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর টিমকে সঙ্গে নিয়ে তিনি কাঠমান্ডুতে গেছেন।

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সোনু সুদ লিখেছিলেন, ‘নেপাল, তুমি একা নও।’ খাবার, আশ্রয় ও ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

সোনু সুদ জানান, ভারত থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে তার ফাউন্ডেশনের একটি দল নেপালে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করে তাদের প্রয়োজন সম্পর্কে জানার পাশাপাশি আগামী দিনগুলোতেও সহযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই তারা নেপালে এসেছেন। ভারত থেকে কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। এখন স্থানীয়দের কাছ থেকে আরও কী কী প্রয়োজন, তা জানার চেষ্টা চলছে। প্রয়োজন অনুযায়ী ভারত থেকে সেসব সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

সোনু আরও বলেন, নিজের জায়গা থেকে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানোর প্রক্রিয়াটি কিছুটা কঠিন হলেও অনেকের সহযোগিতায় সেই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।

এর আগেও মানবিক কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছেন সোনু সুদ। করোনাভাইরাস মহামারির সময় লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, চিকিৎসা সহায়তা এবং অসহায় মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন তিনি।

গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবল পানির স্রোত ও ভূমিধসে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৬৬ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নেত্রকোনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নেত্রকোনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

যোগফল প্রতিবেদক:

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মদন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম আকন্দ। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ৫ আগস্টের বিভিন্ন ঘটনাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, পূর্বধলার ধলামুলগাঁও ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক নূরুল আমীন, জারিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম উদ্দিন শান্ত এবং নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব, সদস্য শেখ সাহেদ ও ফাহিম খান।

এ ছাড়া নেত্রকোনা পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টুটনসহ আরও ছয়জনকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ১৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ২:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, আহত ১৫

 যোগফল প্রতিবেদক:

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল জে.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। আর ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পুকুরে পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। সড়কের ওপর ট্রাক পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে বিপরীতমুখী যানবাহনের অসতর্ক চলাচলের কারণে এ সংঘর্ষ হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম