খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি জমিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন খান বলেন, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি পরিশ্রমী মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

দুই মাস পর দেশে ফিরলেন শাকিব খান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দুই মাস পর দেশে ফিরলেন শাকিব খান

 যোগফল প্রতিবেদক:

দীর্ঘ দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

জানা গেছে, ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু কার্যক্রমের জন্যও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শাকিব খান। নির্ধারিত কাজ শেষ করে প্রায় দুই মাস পর দেশে ফিরলেন এই অভিনেতা।

এর আগে গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব। দেশ ছাড়ার আগে একই দিনে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন সিনেমার শুটিংয়ে যাওয়ার আগে ‘সোলজার’ সিনেমার শেষ অংশের কয়েকটি দৃশ্যের শুটিং করবেন শাকিব খান। আগামী সপ্তাহে এ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর নতুন সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

এর আগেও সিনেমার শুটিং, পারিবারিক প্রয়োজন ও ব্যক্তিগত বিভিন্ন কাজে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। দেশটির গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের নির্দিষ্ট একটি সময় সেখানে অবস্থান করতে হয় তাকে।

এবারও ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের পাশাপাশি সেই নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রে ছিলেন এই অভিনেতা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

শেখ হাসিনার সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক ছিল ‘সরকারকেন্দ্রিক’: স্পিকার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শেখ হাসিনার সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক ছিল ‘সরকারকেন্দ্রিক’: স্পিকার

যোগফল প্রতিবেদক: 

শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু ‘সরকারকেন্দ্রিক’ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবসময় বিভিন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। ঐতিহাসিক এ সম্পর্ক সময় ও পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হয়েছে।

বিগত জাতীয় নির্বাচনগুলোর প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে তিনি ‘সাজানো নির্বাচন’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এসব নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের পথচলা সুগম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্পিকার আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে মূলত সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি।

বৈঠকে ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান দীনেশ ত্রিবেদী। পাশাপাশি দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা

 যোগফল প্রতিবেদক:

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কে ইরানের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না তেহরান। একই সঙ্গে বাংলাদেশ এ চুক্তিতে যোগ দিলে তা নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, মক্কা শান্তি চুক্তিকে তেহরান ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না। বাংলাদেশের এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিয়েও তাদের উদ্বেগ নেই।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ঢাকার ভারসাম্যপূর্ণ অবস্থান সম্পর্কে তেহরান অবগত। বাংলাদেশের আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক যেকোনো সিদ্ধান্ত ইরানের জন্য উদ্বেগের কারণ হবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে জাহানাবাদি বলেন, রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী তেহরান।

এদিকে সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মধ্যপ্রাচ্যসহ বিশ্বের মানুষের স্বার্থে আঞ্চলিক উত্তেজনার দ্রুত অবসান এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশা জানান।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক ঘটনাবলি দেখিয়েছে যে অনেক দেশ নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে।

তার মতে, আঞ্চলিক দেশগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার উদ্যোগ এরই একটি উদাহরণ। সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির উপস্থিতি যে সবসময় নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না, সেটিও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম