চিপসপ্রেমীদের জন্য সতর্কবার্তা
যোগফল প্রতিবেদক:
আলুর চিপস কিংবা ফ্রেঞ্চ ফ্রাই অনেকেরই পছন্দের খাবার। তবে নিয়মিত এসব খাবার খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের বাড়তি ঝুঁকির সম্পর্ক রয়েছে।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, সপ্তাহে তিনবার ফ্রেঞ্চ ফ্রাই খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। আর সপ্তাহে পাঁচবার খেলে এই ঝুঁকি বেড়ে প্রায় ২৭ শতাংশ হতে পারে।
তবে গবেষণায় আলু খাওয়াকে সরাসরি ক্ষতিকর বলা হয়নি। বরং আলু কীভাবে রান্না করে খাওয়া হচ্ছে, সেটির ওপর স্বাস্থ্যের প্রভাব অনেকটাই নির্ভর করতে পারে। সেঁকা, সিদ্ধ বা ভর্তা করে আলু খেলে চিপস কিংবা ফ্রেঞ্চ ফ্রাইয়ের তুলনায় ঝুঁকি কম হতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সাইয়েদ মোহাম্মদ মুসাভির নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষকদল আলু খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে গবেষণাটি পরিচালনা করেন।
গবেষণায় ১৯৮৪ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২ লাখ ৫ হাজার স্বাস্থ্যকর্মীর খাদ্যাভ্যাসসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীদের প্রতি চার বছর অন্তর পূরণ করা খাদ্যসংক্রান্ত প্রশ্নাবলির তথ্য গবেষণায় ব্যবহার করা হয়েছে।
গবেষকদের মতে, আলু তুলনামূলকভাবে উচ্চ শর্করাযুক্ত খাবার হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে। বিশেষ করে আলুকে তেলে ভেজে চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে নিয়মিত খেলে অতিরিক্ত ক্যালরি ও অন্যান্য খাদ্য উপাদানের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, সপ্তাহে তিনবার সেঁকা, সিদ্ধ বা ভর্তা করা আলু খাওয়ার ক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলকভাবে কম বাড়ে। বিপরীতে একই ধরনের আলু ভাজা বা চিপস হিসেবে খেলে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, তাই আলু পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং আলু রান্নার পদ্ধতি পরিবর্তন এবং চিপস ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভাজা খাবার কম খাওয়াই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন