২১ দিনে প্রবাসীদের পাঠানো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন