আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
যোগফল প্রতিবেদক:
আজ ৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য— ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।
ইউনেস্কোর নির্ধারিত এবারের প্রতিপাদ্যে সাক্ষরতাকে শুধু পড়া, লেখা ও গণনার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সামগ্রিক উন্নয়ন, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষরতা বিস্তারে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখনও একটি বড় জনগোষ্ঠী শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতার সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত প্রাপ্তবয়স্কদের প্রয়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা ও কর্মমুখী শিক্ষার আওতায় আনা এখন গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদে সর্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা এবং নিরক্ষরতা দূর করার অঙ্গীকার রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক ও বয়স্ক শিক্ষা, জীবনদক্ষতা এবং কর্মমুখী প্রশিক্ষণের বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (বিএনএফই) মিলনায়তনে আলোচনা সভা ও ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসনের সমন্বয়ে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়েও র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম পালিত হবে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
বিশ্বব্যাপী সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে এবং নিরক্ষরতা দূরীকরণে সচেতনতা বাড়াতে ১৯৬৭ সালে ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন