বাসচাপায় প্রাণ গেল ইমাম-মাদ্রাসা শিক্ষকের
যোগফল প্রতিবেদক:
ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগামী বাসের চাপায় কওমি মাদ্রাসার শিক্ষক আরিফুর রহমান (২৮) ও মসজিদের ইমাম সালাউদ্দিন হাওলাদার (৩৮) নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ামাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুর রহমান পটুয়াখালীর তুষখালী এলাকার মো. আকবর আলীর ছেলে। আর সালাউদ্দিন হাওলাদার বরিশালের হিজলা উপজেলার মান্দ্রারচর খুশিরিয়া এলাকার ফরিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুর ও সালাউদ্দিন একটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। আড়ুয়ামাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘দশমিনা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আক্তার হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল জানান, বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন