অটোরিকশা নিয়ন্ত্রণে ধাপে ধাপে ব্যবস্থা: সড়কমন্ত্রী
যোগফল প্রতিবেদক:
জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে অটোরিকশার সঙ্গে বিপুলসংখ্যক মানুষ যুক্ত থাকায় তাদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী। ধানমন্ডি ইয়ুথ ক্লাব এ কর্মসূচির আয়োজন করে।
শেখ রবিউল আলম বলেন, জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচলের পক্ষে সরকার নয়। এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে কোথায় অটোরিকশা চলবে আর কোথায় চলবে না, তা নির্ধারণে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।
তিনি বলেন, হাইওয়ে পুলিশ ও সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সমন্বয়ে এ নীতিমালা তৈরি করা দরকার। তবে কোনো নীতিমালাতেই জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি থাকবে না। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, অটোরিকশার সঙ্গে অনেক মানুষ সম্পৃক্ত হয়ে পড়েছেন। তাই সমস্যা সমাধানের পাশাপাশি তাদের জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। যারা ব্যবস্থা নেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাদের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।
অটোরিকশা চালকদের জন্য ন্যূনতম যোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে শেখ রবিউল আলম বলেন, এসব বিষয় নীতিমালার আওতায় এনে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
হাইওয়ে ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, সড়ক ও মহাসড়ক নির্মাণ, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে মহাসড়ক ব্যবস্থাপনার সঙ্গে একাধিক কর্তৃপক্ষ জড়িত থাকায় সব ধরনের অনিয়মের দায় এককভাবে তার মন্ত্রণালয়ের ওপর বর্তায় না। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
কর্মসূচিতে মন্ত্রী ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে ধানমন্ডি ইয়ুথ ক্লাবের সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন