চট্টগ্রাম বন্দরে তিন কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে প্রায় তিন কোটি টাকা মূল্যের ফেব্রিক্সভর্তি একটি কনটেইনারের হদিস পাওয়া যাচ্ছে না। ৪০ ফুট লম্বা ওই কনটেইনারে ৬৬৮ বেল ফেব্রিক্স ছিল। এক সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্নভাবে খোঁজ করেও কনটেইনারটির সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কনটেইনারটির খোঁজ না পাওয়ার বিষয়টি জানিয়ে বন্দর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেটের মালিক মো. হাফিজুর রহমান। তার দাবি, কাস্টমস ও বন্দরের যাবতীয় চার্জ পরিশোধের পর কনটেইনারটি ডেলিভারি নিতে গেলে সেটির কোনো হদিস পাওয়া যায়নি।
মো. হাফিজুর রহমান জানান, কনটেইনারে থাকা কাপড় শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল। এসব পণ্য নির্ধারিত সময়ে না পাওয়ায় আমদানিকারক প্রতিষ্ঠান গোল্ড স্টার গার্মেন্টস সমস্যায় পড়েছে। সময়মতো রপ্তানি পণ্য বায়ারের কাছে পৌঁছাতে না পারলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকার সাভারের গোল্ড স্টার গার্মেন্টসের নামে আমদানি করা এমআরএসইউ-৮৬৯২৮২৭ নম্বরের কনটেইনারটি ‘এমভি এমসিসি ডানাং’ জাহাজে করে গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে আসে। পরে ২২ আগস্ট আমদানিকারকের পক্ষে এসআরএস সিন্ডিকেট কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারে পণ্য খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে।
এরপর কাস্টমস ও বন্দরের সব ধরনের রাজস্ব পরিশোধ করা হয়। গত ৩০ আগস্ট বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে কনটেইনারটি খালাসের জন্য গেলে সেটি কিপ ডাউন অবস্থায় রয়েছে বলে জানানো হয় এবং ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি। এ সময় সিঅ্যান্ডএফ এজেন্টকে কনটেইনারটি খুঁজে বের করতে বলা হয়।
পরে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানটি ২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্নভাবে খোঁজ করেও কনটেইনারটির সন্ধান পায়নি। এতে আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, প্রায় তিন কোটি টাকা মূল্যের ৬৬৮ বেল ফেব্রিক্সসহ ৪০ ফুটের একটি কনটেইনারের খোঁজ না পাওয়ার বিষয়ে একটি চিঠি পাওয়া গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন