কেমিক্যাল-ভুট্টার গুঁড়ায় তৈরি হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ
যোগফল প্রতিবেদক:
যশোর শহরের বকচর হুসতলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল, সয়াবিনের ভুষি ও ভুট্টার গুঁড়া মিশিয়ে সয়াবিন বড়ি তৈরির অভিযোগে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে ‘ইমরান ফুডস প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটিতে এসব অনিয়মের সন্ধান পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, কায়ছার আলীর মালিকানাধীন কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। সয়াবিন বড়ির রং ও স্থায়িত্ব পরিবর্তনের জন্য ‘সাল্টু’ নামের ঝুঁকিপূর্ণ রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।
এ ছাড়া পণ্যের ওজন বাড়িয়ে অতিরিক্ত মুনাফার আশায় সয়াবিনের ভুষি ও ভুট্টার গুঁড়া মিশিয়ে সয়াবিন বড়ি তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। একই সঙ্গে পণ্যের মোড়কে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ারও প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর দুটি ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ ঘটনাস্থলেই নগদ আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। সঠিক মান ও তথ্য নিশ্চিত না করে ব্যবসা পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) স্থানীয় প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে যশোর জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন