পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন
যোগফল প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ প্রকাশ আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে পারভেজ ও তার সহযোগীরা হানা দেন। এ সময় ডাকাতির পর ওই পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর চকরিয়াসহ কক্সবাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পারভেজ প্রকাশ আবুল কালামকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। তাদের আশা, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন