‘মাদক নির্মূলই এখন প্রথম টার্গেট’: প্রতিমন্ত্রী
যোগফল প্রতিবেদক:
মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এসব প্রত্যাশা পূরণে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
কিশোর গ্যাং ও মাদককে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিস্তার এখনই রোধ করতে না পারলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সমাজকে নিরাপদ রাখতে মাদক নির্মূলকে অগ্রাধিকার দিতে হবে।
মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে টিম গঠন এবং মাদক কারবারিদের তালিকা তৈরির নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তালিকা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, অনিয়ন্ত্রিতভাবে এসব যানবাহনের সংখ্যা বাড়তে থাকলে পরে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই এখনই এগুলোকে নিয়ন্ত্রণ ও লাইসেন্সের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো উন্নয়ন প্রকল্প ধীরগতিতে চললে সংশ্লিষ্টদের বিষয়টি তাকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতি মাসে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেবেন। তাই সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় মাদক বিক্রি, কিশোর গ্যাং, ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনের বিষয়ে আলোচনা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের আরও কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন সংসদ সদস্যরা।
ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও ফেরদৌসী আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন