খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র, ১৪৩৩

অস্ত্র-গুলি-ককটেলসহ হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অস্ত্র-গুলি-ককটেলসহ হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

যোগফল প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হত্যা মামলার পাঁচ আসামিকে অস্ত্র, গুলি, ককটেল ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পাড় গেন্ডারিয়া খেজুরবাগ এলাকা থেকে মামলার প্রধান আসামি রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), মো. কামরুল হাসান (২৫), মো. সাইফুল হোসেন (২০), মো. জামিল মিয়া দোলন (৩৫) ও মিঠু ওরফে ডোবার মিঠু (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, তিনটি চাইনিজ কুড়াল, ছয়টি ককটেল, দুটি চাপাতি, দুটি সুইচগিয়ার চাকু, একটি ইয়ামাহা মোটরসাইকেল ও ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, ইমরান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পাড় গেন্ডারিয়া খেজুরবাগ এলাকা থেকে মামলার প্রধান আসামি রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে রিয়াজের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা থানাধীন পাড়াডগাইর এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান ও সাইফুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ককটেল, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় জড়িত মিঠু ওরফে ডোবার মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) আরেক দফা অভিযান চালিয়ে জামিল মিয়া দোলনকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ইমরান হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান শুরু করে। ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও বিস্ফোরক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। কামরুল হাসানের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। মিঠু ওরফে ডোবার মিঠুর বিরুদ্ধেও মাদক ও ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

যোগফল প্রতিবেদক:

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছিলেন তিনি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে নিজ বাসা থেকে বের হন ফরহাদ। কিছুদূর যাওয়ার পর একটি নির্জন এলাকায় পেছন থেকে একদল দুর্বৃত্ত তার শরীরে পেট্রোল ঢেলে দেয়। পরে তাদের একজন তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এতে ফরহাদের শরীরের নিচের অংশসহ সিংহভাগ ঝলসে যায়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি জলাশয়ে লাফিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে তাকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

ফরহাদের বাবা আব্দুস সাত্তার বলেন, তার ছেলে মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিসহ সামাজিক নানা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।

ওসি জানান, ফরহাদ পুলিশকে বলেছেন, বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন স্থানে যাওয়ার পর পেছন থেকে একজন তার শরীরে পেট্রোল ছিটিয়ে দেন। এরপর অপর একজন আগুন ধরিয়ে দেন। তবে তাদের কাউকেই তিনি চিনতে পারেননি।

তিনি আরও বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

যোগফল প্রতিবেদক: 

হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এ ক্যাম্পেইনের জন্য অধিকাংশ টিকা ইউনিসেফের মাধ্যমে দেশে পৌঁছেছে। অবশিষ্ট টিকাও আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল আয়োজিত ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকাদান ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সংক্রমণ অব্যাহত থাকায় সরকার মপ-আপ কার্যক্রম পরিচালনা করেছে। এর আওতায় নতুন করে ১৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগের সরকার দেশে কোনো টিকা রেখে যায়নি। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য টিকা সংগ্রহ করে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।

ডেঙ্গু চিকিৎসায় উপজেলা পর্যায়ে জোর

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে।

প্রতিটি হাসপাতালে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়েই রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে টারশিয়ারি হাসপাতালগুলোর ওপর চাপ কমবে। এ জন্য সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 যোগফল প্রতিবেদক:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্ধারমানিক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

বিকেল ৪টার দিকে আন্ধারমানিক ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১নং আন্ধারমানিক ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মোসা. মাসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাস্টার সিরাজুল হক।

১নং আন্ধারমানিক ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব মোসা. কানিজ ফাতেমা ডেইজির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম