বেতন পরিশোধে বিলম্ব, নতুন সময়সূচি জানাল লিথ গ্রুপ
যোগফল প্রতিবেদক:
ব্যাংকিং ও প্রণোদনা-সংক্রান্ত জটিলতার কারণে কর্মীদের বেতন পরিশোধে বিলম্বের কথা জানিয়েছে লিথ গ্রুপ। এ বিষয়ে ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিথ গ্রুপের অধিভুক্ত অ্যাপারেল ২১ লিমিটেড, লিথ অ্যাপারেল লিমিটেড, ফ্যামকাম ফ্যাশন লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের বেতন পরিশোধে কারিগরি ও ব্যাংকিং জটিলতা দেখা দিয়েছে।
এর পাশাপাশি প্রণোদনা এবং সম্পদ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ আদায়ের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে। এসব কারণে নির্ধারিত সময়ে কর্মীদের সব বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে কর্মীদের বকেয়া বেতন পর্যায়ক্রমে পরিশোধের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, মে ২০২৬ মাসের বেতন আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কর্মীদের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে।
অন্যদিকে, জুন ২০২৬ মাসের বেতন আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখে পরিশোধের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান জটিলতার কারণে একযোগে সব বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব না হওয়ায় তারা আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে কর্মীদের ধৈর্য ও সহযোগিতা করার পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে কর্মীদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন