খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক, ১৪৩৩

কারিনা কায়সারের স্মৃতিতে বিশেষ সম্মাননা দেবে চরকি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কারিনা কায়সারের স্মৃতিতে বিশেষ সম্মাননা দেবে চরকি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালমৃত্যুতে শোকাহত হয়েছিল দেশের শোবিজ অঙ্গন। এবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভ্যাল’। এ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া কনটেন্টের সেরাদের পুরস্কৃত করা হবে। একই অনুষ্ঠানে প্রয়াত কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

ইতোমধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে চরকি। ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার তাকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘কারিনার অসাধারণ কাজগুলো আমাদের মাঝে রয়ে গেছে। কিন্তু তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এ বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অবদান স্মরণে এবারের চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা দেওয়া হবে।’

গত ১৬ মে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন কারিনা কায়সার। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তি গভীর শোক প্রকাশ করেন।

এদিকে, ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘৩৬-২৪-৩৬’। এ ছাড়া সেরা অভিনেতা-অভিনেত্রী, সিরিজ ও গানসহ বিভিন্ন বিভাগে ভোট দিতে পারবেন চরকির গ্রাহকেরা।

চরকির সাবস্ক্রাইবারদের ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে। শিগগিরই সমালোচক বিভাগ এবং ২০২৩ সালের কনটেন্টভিত্তিক মনোনয়ন তালিকাও প্রকাশ করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৫:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার তিন নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কবির হোসেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।

এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার রাতে চর কিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির ফকির। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় কবির হোসেনকে তিন নম্বর আসামি করা হয়েছে।

এসআরবি জানায়, হত্যাকাণ্ডের পর মামলার আসামিদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর সোমবার সকালে এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ দল কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তার কবির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বিদেশি মদসহ গ্রেপ্তার, ছাত্রদল নেতা উদয়কে পদ থেকে অব্যাহতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিদেশি মদসহ গ্রেপ্তার, ছাত্রদল নেতা উদয়কে পদ থেকে অব্যাহতি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান উদয়কে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক বায়োজিদ আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো চিঠিতে বলা হয়, বকশীগঞ্জ উপজেলার ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান উদয়কে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, ‘আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে, রোববার দুপুরে আমানুল্লাহ আমান উদয়কে ২১৭ বোতল বিদেশি মদসহ আরও চারজনের সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গোপালগঞ্জে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আছে ১ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আছে ১ জন

ছবি যোগফল

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে কৃষ্ণ বাড়ৈ (৩৫) ও মনোতোষ হালদার (৩৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার ( ২৪ অক্টোবর) ও রোববার (২৫ অক্টোবর) উপজেলার দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষ্ণ বাড়ৈ কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে। অপরজন নিহত মনোতোষ হালদার একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার দিন রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মিলে মদ্যপান করে। মদ্য পান করার পরে রাতে ওই তিন যুবক অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে এই তিন যুবকের শারীরিক অবস্থার অনবতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।পরবর্তীতে ঢাকার পপু লার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শনিবার ( ২৪ অক্টোবর) মনোতোষ হালদার ও রোববার (২৫ অক্টোবর)  সোহরাওয়ার্দী হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যায়।

 কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দূর্গাপূজা উপলক্ষে আমার ভাই কৃষ্ণান্তসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের গ্রাম খাগবাড়ি যায়। সেখানে গিয়ে কয়েকজনে মিলে মদ্যপান করে। মদ্যপানে কয়েক ঘন্টা পর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এ ব্যাপারে আমরা থানায় কোন অভিযোগ দায়ের করিনি। 

মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, আমার ভাই মনোতোষ হালদার পূজায় ডেকোরেটরের কাজে গিয়ে পানি জাতীয় কিছু খেয়েছিল। যার কারনে সে অসুস্থ হয়ে পড়লে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।এরপরে এখানে বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করি। গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় পপুলার হাসপাতালে সে মারা যায়। 

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিম চরণ বাগচী বলেন, দুর্গাপূজার সময় সমবয়সী চার-পাঁচজন তরুণ তরল জাতীয় কিছু একটা পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। একজন এখনো চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহামুদ বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। আমরাও এ বিষয়ে অবগত নই। কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।