বাসের গোপন চেম্বারে মিলল ৪০ হাজার ইয়াবা, চালক-হেলপার গ্রেপ্তার
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাসটির ব্যাটারি বক্সের পাশে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটিও।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মুজাফরাবাদ কলেজের পশ্চিম পাশে অভিযানটি চালানো হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসের চালক মো. হোসেন (৪৬) ও হেলপার মো. পারভেজ মিয়া (৩৩)। হোসেনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে। পারভেজ মিয়ার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। বর্তমানে তিনি চট্টগ্রামের রাউজানে বসবাস করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির ব্যাটারি বক্সের পাশে ভেতরের অংশে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বার পাওয়া যায়। পরে চেম্বারটি খুলে সেখান থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
অধিদপ্তরের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বাসটি দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচারে ব্যবহৃত হয়ে আসছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন