নবীনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতা গ্রেফতার
যোগফল প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নবীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার সোহেল মিয়া উপজেলার ৭ নম্বর নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. মোখলেছুর রহমান ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতুর পূর্ব পাশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মো. রাজিব (৩২) ও মো. জামাল হোসেন (৪২) নামে দুজনকে আটক করে। একই সময় ঘটনাস্থল থেকে ১৫টি বাঁশের লাঠি ও ২২টি ইটের টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ৬ ডিসেম্বর নবীনগর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর (সংশোধনী ২০১৩) ৬, ১০, ১১ ও ১২ ধারায় মামলা করা হয়। মামলার তদন্তে সোহেল মিয়ার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. আজাদুল ইসলাম আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, সোহেল মিয়া এলাকায় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। জামিনে মুক্তি পেলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে তদন্ত ও বিচার কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে নবীনগর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন