টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. মোসলেম উদ্দিনের (৩০) জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই শিক্ষকের জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) টঙ্গীর একটি মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার কথা জানায়।
এরপর বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগে থানায় পৃথক অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন