রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ট্যাপেন্টাডলসহ ১১ লাখ টাকা উদ্ধার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাটাখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক কারবারির কাছ থেকে ১ হাজার ৩০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়। অন্যজনের বাড়িতে গোপন গুদাম থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মানিক ইসলাম (৪৪) ও মো. আবুল কালাম আজাদ (৪৪)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী দল কাটাখালী থানা-পুলিশের সহযোগিতায় এমাদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় মানিক ইসলাম পালিয়ে যান।
পরে গ্রেপ্তার আবুল কালামকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে এমাদপুর গ্রামে মানিক ইসলামের বাড়িতে অভিযান চালায় কাটাখালী থানা-পুলিশ।
এ সময় বাড়িটি তল্লাশি করে টাইলসের নিচে বিশেষ কৌশলে ড্রাম দিয়ে তৈরি গোপন গুদাম থেকে একটি ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মানিক ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও দণ্ডবিধিতে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, তিনটি দণ্ডবিধিতে এবং একটি অস্ত্র আইনে করা হয়েছে।
অন্যদিকে, আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন