আওয়ামী লীগ-জামায়াত মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত জোট করেছিল। এখন আবার তারা এক হয়েছে। আওয়ামী লীগ ও জামায়াত মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি-সংবলিত এক যুবকের ফেসবুক পোস্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনার পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার সাহস পেয়েছেন বলে তিনি দাবি করেন।
এ সময় জামায়াতে ইসলামীর আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির বারবার রাজনৈতিক মিথ্যাচার করছেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারেন, কিন্তু তিনি একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।
তিনি আরও বলেন, জামায়াতে যোগ দেওয়ার পর জামায়াতের আমির মিথ্যা বলা ছেড়ে দিয়েছেন কি না, সেই প্রশ্নও রয়েছে। আওয়ামী লীগ ও জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন