লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা।
বুধবার (২৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
আটক ইব্রাহিম ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে মাসুদ রানা বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের বাসিন্দা।
নিহত খোরশেদ আলম পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় মাটি ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। বুধবার দুপুরে দুই ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে একজনকে খোরশেদকে গুলি করতে দেখেন। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। পরিবারের সদস্যদের দাবি, মোরশেদ ও মজিদ নামে দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, বুধবার দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদকে গুলি করে হত্যা করা হয়। একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছুট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ আরও পাঁচ-ছয়জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানাকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন