চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৭৮
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৭৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৩৬২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২১৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিচালিত অভিযানের ২৪ ঘণ্টার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলা থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায়, ২৬৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৯২, লক্ষ্মীপুরে ৬৮, চাঁদপুরে ৪৪, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, নোয়াখালীতে ২৩, রাঙামাটিতে ১৮, ফেনীতে ১৪, কক্সবাজার ও বান্দরবানে ১১ জন করে এবং খাগড়াছড়িতে পাঁচজনকে আটক করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী অভিযানে ২২ হাজার ৫৯৮টি ইয়াবা ট্যাবলেট, ৫৩ কেজি ৮৮৪ গ্রাম গাঁজা ও ২৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে মোট ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক মামলায় ৬৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জন মাদক কারবারি রয়েছেন। এ সময়ে ৩৫টি মাদক মামলা করা হয়েছে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চট্টগ্রামে চারজন, কুমিল্লায় দুজন ও চাঁদপুরে একজন রয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, বিভিন্ন মামলায় গ্রেপ্তার, পরোয়ানা তামিল ও অন্যান্য আইনি ব্যবস্থা মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৯৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় ৮৫, পূর্ববর্তী মামলায় ৪৯, পরোয়ানামূলে ১৩৫ এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।
এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় আটজন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৬ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন