খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক, ১৪৩৩

চট্টগ্রামে তিন হত্যা মামলায় আলোচিত ইমনের ৭ দিনের রিমান্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চট্টগ্রামে তিন হত্যা মামলায় আলোচিত ইমনের ৭ দিনের রিমান্ড

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আলোচিত তিনটি হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধের তদন্তে নতুন করে আলোচনায় এসেছেন মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। বিএনপি নেতা এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় সরোয়ার হোসেন বাবলা হত্যা এবং চন্দনপুরায় জোড়া খুনের পৃথক দুই মামলায় তাকে মোট সাত দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। পুলিশের তালিকাভুক্ত এই ব্যক্তির বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) পৃথক দুই আদালত রিমান্ডের আদেশ দেন। এর মধ্যে সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় পাঁচ দিন এবং চন্দনপুরায় জোড়া খুনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। বাকলিয়া থানার হত্যা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত পাঁচ দিনের এবং বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকিয়া পাড়ায় বিএনপির চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় এলোপাতাড়ি গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা। ঘটনার দুই দিন পর তার বাবা আব্দুল কাদের বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় রায়হান ও ইমনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ মার্চ ভোররাতে নগরের চকবাজারের চন্দনপুরা এলাকায় একটি প্রাইভেটকার ধাওয়া করে থামানোর পর গুলি চালানো হয়। এতে সরোয়ার বাবলার অনুসারী বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নিহত হন। আহত হন আরও দুজন। এ ঘটনায় ১ এপ্রিল নিহত মানিকের মা ফিরোজা বেগম বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না, মো. হাসান, মোবারক হোসেন ইমন, রায়হান ও বোরহানসহ সাতজনকে আসামি করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামের অপরাধজগতে তার নাম আলোচনায় আসে। একসময় রাউজানের বালুমহালে টাকা তোলার সঙ্গে যুক্ত থাকলেও পরে বড় সাজ্জাদের সহযোগী রায়হানের মাধ্যমে ওই গোষ্ঠীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার ভাষ্য, বড় সাজ্জাদের সঙ্গে একসময় ঘনিষ্ঠতা ছিল ম্যাক্সন ও সরোয়ার হোসেন বাবলার। পরে তাদের সঙ্গে সাজ্জাদের দূরত্ব তৈরি হলে ছোট সাজ্জাদ, রায়হান ও বোরহান তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তাদের মাধ্যমেই ইমন ওই গোষ্ঠীতে যুক্ত হন বলে দাবি পুলিশের। গুলি চালানোর দক্ষতা ও সাহসের কারণে অল্প সময়ের মধ্যে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। পরে রায়হানের সহযোগী হিসেবে গোষ্ঠীর একটি অংশ পরিচালনা করতেন বলেও জানিয়েছে পুলিশ।

গত কয়েক মাসে ব্যবসায়ী ও ভবন নির্মাতাদের ফোন করে চাঁদা দাবির অভিযোগও উঠেছে ইমনের বিরুদ্ধে। গত ১৩ জুলাই বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডটনেট (ডিডিএন) নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকের কাছে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে সাবেক সংসদ সদস্য ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান চৌধুরীর বাসায় গুলির ঘটনায়ও ইমনের নাম আসে। চন্দনপুরায় জোড়া খুন, গত বছরের ২৩ মে পতেঙ্গা সৈকতে ঢাকাইয়া আকবর হত্যা এবং ৫ নভেম্বর সরোয়ার বাবলা হত্যাকাণ্ডেও তার নাম আলোচনায় আসে।

গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি গাড়ি থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরদিন তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে ২ আগস্ট ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং একটি অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১২ আগস্ট হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায়ও তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এবার দুটি হত্যা মামলায় আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় চট্টগ্রামের আলোচিত হত্যাকাণ্ডগুলোতে ইমনের ভূমিকা এবং অপরাধী গোষ্ঠীর সঙ্গে তার কথিত সংশ্লিষ্টতা খতিয়ে দেখার সুযোগ পাচ্ছে পুলিশ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

তাহিরপুরের পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধের নির্দেশ ইউএনওর

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাহিরপুরের পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধের নির্দেশ ইউএনওর

ছবি যোগফল

আমির হোসেন ।। সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর–পাতারগাঁও খেয়াঘাটে পারাপারের নামে টাকা আদায় সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে প্রশাসনের নির্দেশনা অমান্য করে কেউ টাকা আদায় করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে খেয়াঘাট ব্যবহারকারী সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, বুধবার থেকে পাতারগাঁও খেয়াঘাটে খেয়া পারাপারের নামে টাকা আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ টাকা আদায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, খেয়াঘাটে টাকা আদায় বন্ধের সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। তবে প্রশাসনের এ নির্দেশনা মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন এবং নিয়মিত তদারকির প্রয়োজন রয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে খেয়াঘাটে টাকা আদায় স্থায়ীভাবে বন্ধ থাকবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

তবে ঘোষণার পর খেয়াঘাটে টাকা আদায় পুরোপুরি বন্ধ হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার
সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি


চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃজনে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজসেবা কমপ্লেক্সের মধুমতি সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক  মুহাম্মদ মুরাদ হোসেন। 

সেমিনারের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শোভন সরকার ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মিজানুর রহমান। 

গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা সেমিনারটি সঞ্চালনা করেন।

বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী

ছবি যোগফল প্রতিনিধি

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ও বেহেশতের টিকিট বিক্রি করে জামায়াত বিরোধী দলের আসনে বসেছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আয়োজিত যুব সমাবেশে তিনি একথা বলেন। 

এসএম জিলানী বলেন, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ও বেহেশতের টিকিট বিক্রি করে জামায়াত বিরোধী দলের আসনে বসেছে। ভেবেছিলাম সংসদের বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কিন্তু তাদের মুখে একটা, অন্তরে আরেকটা। একাত্তরের পরাজিত শক্তি সংসদে দাঁড়িয়ে এক কথা বলে, আর সংসদের বাইরে গিয়ে আরেক কথা বলে। 

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট বিএনপি সরকারের সৃষ্টি নয়। অথচ সংসদের বাইরে এসে এই সংকটের জন্য সরকারের পতনের দাবি তোলা হচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে লংমার্চও শুরু করেছে তারা। কিন্তু তাদের বোঝা দরকার একটি গণতান্ত্রিক সরকারকে সংকট মোকাবিলার জন্য ন্যূনতম সময় দেওয়া উচিত। তারপর আপনারা আন্দোলন করেন। কারন আমরা ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে লড়াই-সংগ্রাম করেছি। সেই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজ বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

এসএম জিলানী গ্যাস সংকট প্রসঙ্গে বলেন, বিগত ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার আমদানিনির্ভর গ্যাসের ওপর নির্ভর করেছে। বঙ্গোপসাগরে থাকা গ্যাসকূপ থেকে গ্যাস উত্তোলনের কার্যকর উদ্যোগ নেয়নি। বিএনপি সরকার ক্ষমতায় এসে ১৫০টি গ্যাসকূপের মধ্যে ৩০টির কাজ শুরু করেছে। বাকি ১২০টির কাজও শিঘ্রই শুরু হবে। 

যুব সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সহ-সভাপতি জিল্লাল শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।