চট্টগ্রামে ১৩০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. রিয়াজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ১৩ বছর পর মামলাটির রায় ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মামলায় আট সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত রিয়াজের বয়স ৩১ বছর। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ছোট কাইচ্চা এলাকার মেহেনউদ্দীন হাওলাদার বাড়ির মো. রুহুল আমিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ রাত পৌনে ৪টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার বরিশাল কলোনির ভাঙা মসজিদের পশ্চিম পাশের মাঠে অভিযান চালায় পুলিশ। এ সময় সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ফেনসিডিল নিজের হেফাজতে রাখার অভিযোগ আনা হয় রিয়াজের বিরুদ্ধে।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর আদালত রিয়াজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন