সীতাকুণ্ডে লরিচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নেত্রকোনার মদন উপজেলার আজহারুল ইসলাম (৪২), তার স্ত্রী ফাতেমা (৪০) ও ছেলে রাকিব (৮)। অন্য শনাক্ত ব্যক্তির নাম আবুল হোসেন (৫০)। তার বাড়িও একই উপজেলার। নিহত অপর নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে আসা শাপলা এন্টারপ্রাইজের একটি বাস কুমিরা রয়েল গেট এলাকায় বিকল হয়ে পড়ে। এ সময় বাস থেকে নেমে যাত্রীরা মহাসড়কের পাশে অন্য একটি বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন পেছন দিক থেকে ঢাকামুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার বলেন, রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন