বাসের হাইড্রোলিক জ্যাকে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. জালাল উদ্দীন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি উত্তর বিভাগ এ তথ্য জানায়। এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের বাকলিয়া থানার রাজাখালী এলাকায় নাহার স্কেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসে করে মাদক নিয়ে চট্টগ্রাম নগরে আসছেন এক কারবারি। এ তথ্যের ভিত্তিতে ডিবি উত্তর বিভাগের টিম-২ ও স্পেশাল টিম-২ রাজাখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাসটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে, বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি লোহার হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, জালাল উদ্দীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাকলিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে একই আইনে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৪ আগস্ট ঢাকার মতিঝিল থানায় এবং ২০১৭ সালের ৯ জুলাই কক্সবাজার সদর থানায় মামলা হয়েছিল।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন