হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে পেটানোর ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এর আগে রাত ৮টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আব্দুর রহমান শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে। তিনি দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তবে জুয়েলকে পেটানোর ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তাঁকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়।
ভুক্তভোগী জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। তিনি সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে রোববার রাতে সাহাপুর এলাকায় একটি বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা করেন। তাঁকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়।
পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসা নিতে জুয়েল লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে গেলে শাহেদের নেতৃত্বে তাঁর ওপর আবারও হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি জরুরি বিভাগে থাকা কাঠের চেয়ার দিয়ে পেটানো হয়। এতে তিনি আহত হন।
এ সময় হাসপাতালের আসবাবপত্রও ভাঙচুর করা হয়। পরে জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় সোমবার রাতে জুয়েলের বাবা মো. শাহজাহান বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করা হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন