খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক, ১৪৩৩

কাউখালীতে ফুটপাত দখল, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কাউখালীতে ফুটপাত দখল, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের কাউখালীতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ব্যস্ততম দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এ সময় আইন অমান্য করে ফুটপাত দখল করায় প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ বাজারের কিছু ব্যবসায়ী ফুটপাতের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। ফলে কাউখালী বন্দরের সংকীর্ণ সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে।

অভিযান শেষে ইউএনও রেহেনা আক্তার বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে ফুটপাতের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা না করেন। কেউ পুনরায় ফুটপাত দখল করলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম


জামালপুরে কৃষক লীগ নেত্রী পুতুল রাণী গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জামালপুরে কৃষক লীগ নেত্রী পুতুল রাণী গ্রেপ্তার

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুতুল রাণী (৩২) নামে উপজেলা কৃষক লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পুতুল রাণী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি ইসলামপুর পৌর শহরের বাজারিপাড়া (কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে ফজলু মিয়ার দায়ের করা ১৩ নম্বর মামলার আসামি পুতুল রাণী। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

যশোরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে যুবলীগের ঝটিকা মিছিল

বার্তা বিভাগ
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
যশোরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে যুবলীগের ঝটিকা মিছিল

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পলাতক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোর শহরে ঝটিকা মিছিল করেছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (১ নভেম্বর) শহরের লালদিঘির পাড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর জেলা যুবলীগের উদ্যোগে লালদিঘির পাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের পাইপ পট্টি এলাকার হাজি সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

সূত্র জানায়, আত্মগোপনে থাকা হাজি মো. আলমগীর কবির সুমনের নির্দেশনায় ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক ছাত্রনেতা শেখ শহীদের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে বেশ কয়েকজন নারী-পুরুষ অংশ নেন।

সরকার পতনের পর নিষিদ্ধ সংগঠনের এমন আকস্মিক কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কবির হোসেন বলেন, বিষয়টি পুলিশও জানতে পেরেছে। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঝটিকা মিছিলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বিশ্বনাথে গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্বনাথে গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নাহিদ মিয়া (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের সাউদের গাঁও (উদয়পুর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব উল্লাহর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান নাহিদ। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার সকালে বাড়ির পাশে একটি গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম