৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ, তীব্র যানজট
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
অবরোধের কারণে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। অনেক যাত্রী বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। তবে শ্রমিকরা দাবিতে অনড় থাকায় যান চলাচল স্বাভাবিক করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরে স্বল্প বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন