খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক, ১৪৩৩

পোশাকশ্রমিকদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ পুলিশের

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পোশাকশ্রমিকদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ পুলিশের

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ও সহিংসতায় রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মনে করছে পুলিশ। সরকারের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের স্থাপনা, যানবাহন ও পোশাক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো জানিয়েছে, কয়েক দিন ধরেই শ্রমিক আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। শ্রমিকদের দাবি বিবেচনায় সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে শ্রমিকদের মাঠে নামিয়েছে বলে তাদের দাবি। কোনো কোনো এলাকায় চক্রান্তকারীরা নিজেরাও আন্দোলনে অংশ নিয়ে পরিস্থিতি সহিংসতার দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ পুলিশের।

শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন বলেন, এই আন্দোলনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের উসকানি দেওয়া হয়েছে। শ্রমিক সেজে অনেকে আন্দোলনেও অংশ নিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু আইডি শনাক্ত করেছি। যাদের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা আছে। তারা শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে চলেছে।’

রোববার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম দাবি করেন, আন্দোলনকারীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ঢুকে পড়েছেন।

এদিকে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলা থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন। তাঁর দাবি, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলনে পাঠিয়েছিলেন। তাঁরাই পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

গত শুক্র ও শনিবার শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক এবং মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হলেও রোববার সকাল থেকে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সড়কে নামেন শ্রমিকরা। সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর মধ্যেই পূর্বঘোষণা অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। পরিস্থিতি বিবেচনায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেন।

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে রোববার সন্ধ্যায় কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পোশাক খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য প্রথমে মজুরি বোর্ড গঠন জরুরি। এরপর শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের আশঙ্কা ছিল, দ্রুত মজুরি বোর্ড গঠন না হলে ন্যূনতম মজুরি নির্ধারণে দীর্ঘ সময় লাগতে পারে। এ কারণে তাঁরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক খাতে নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়, যা পরের মাস থেকে কার্যকর হয়। প্রতি পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠনের বিধান থাকলেও গত ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া শ্রম আইন সংশোধনীতে মজুরি পুনর্নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়। সে হিসাবে নভেম্বর মাসে নতুন নিম্নতম মজুরি বোর্ড ঘোষণার কথা।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, শ্রমিকদের দাবির মুখে সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও বিষয়টি যথাযথভাবে প্রচার হয়নি। শ্রমমন্ত্রীর সঙ্গে শুক্র ও শনিবার দফায় দফায় বৈঠক হয়েছে। সংবাদ সম্মেলন করেও মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবে অনেক শ্রমিকের কাছে সেই তথ্য পৌঁছায়নি। ফলে সরকারের অবস্থান না বুঝেই অনেক জায়গায় শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

মিরপুরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় রোববার পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়। বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষ পরে মিরপুরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের সরে যাওয়ার অনুরোধ করে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিপেটা করে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়।

শ্রমিকরা কয়েকবার ছত্রভঙ্গ হলেও আবার সংগঠিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। দুপুর ১২টা পর্যন্ত চলে পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষের মধ্যে দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনের সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আন্দোলনকারীদের দেওয়া আগুনে পুলিশের একটি গাড়ি পুড়ে গেছে।

এ ঘটনায় ভাঙচুর ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ২৯ জনকে আটক করেছে পুলিশ।

সাত ঘণ্টা অবরোধে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

রোববার সকাল থেকে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যত অচল হয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া আন্দোলন চলে বিকেল ৩টা পর্যন্ত। প্রায় সাত ঘণ্টা অবরোধের পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দিনভর আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক, রতনপুর ও কাশিমপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা ও অগ্নিসংযোগে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা ট্রাফিক পুলিশ বক্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যান এবং ট্রপিক্যাল পোশাক কারখানার ঝুটের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া যমুনা ব্যাংক, কয়েকটি কারখানার ফটক এবং মৌচাক এলাকার একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মীও শ্রমিকদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের বিভিন্ন স্থানে বিজিবির পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি পুলিশ, শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়।

শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরসহ গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ ধরে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও কালিয়াকৈরের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে অসন্তোষ চলছে। শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাসাভাড়া, খাবার, চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। তাই ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন তাঁরা।

আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

শ্রমিকদের বিক্ষোভের মধ্যে আশুলিয়ায় ১৭৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়।

রোববার সকালে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাঁচটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে নরসিংহপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সন্ধ্যায় জানান, সাভার ও আশুলিয়ায় দিনের বিভিন্ন সময়ে ১৭৭টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

হেমায়েতপুরে কারখানায় হামলা-ভাঙচুর

ঢাকার সাভারের হেমায়েতপুরে একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় কারখানার কাচ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে বিক্ষোভকারীদের মারধরের শিকার হন স্থানীয় এক সাংবাদিক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম


বাউবি ও IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাউবি ও IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা

ছবি বাউবি

যোগফল প্রতিবেদন ।। অনলাইন

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা আজ ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাউবির মাননীয় উপাচার্যের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তির সংখ্যার বিবেচনায় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত, দূরশিক্ষণ ও নমনীয় পদ্ধতিতে শিক্ষা প্রদানে দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশের ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্র ও প্রায় ১,৫০০টি স্টাডি সেন্টারের মাধ্যমে বাউবি শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

 

সাতটি স্কুলের অধীনে বহুমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি গবেষণা, পিএইচডি প্রোগ্রাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বিশ্ববিদ্যালয়টি কাজ করছে। তিনি IIUM-এর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি ফলপ্রসূ, টেকসই ও পারস্পরিক সহযোগিতামূলক একাডেমিক সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন”।

 

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IIUM এর ডেপুটি রেক্টর (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) প্রফেসর ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, IIUM অফিস অব দ্য স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশন এর প্রিন্সিপাল ডিরেক্টর প্রফেসর ড. শুকরান বিন আবদ রহমান এবং IIUM অফিস অব দ্য ডেপুটি রেক্টর এর স্পেশাল অফিসার ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, উপাচার্যের একান্ত সচিব ও প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।


আইসিএপিপির অধিবেশনের ভাইস চেয়ারপারসন নির্বাচিত বিএনপি নেতা ইসমাইল জবিউল্লাহ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আইসিএপিপির অধিবেশনের ভাইস চেয়ারপারসন নির্বাচিত বিএনপি নেতা ইসমাইল জবিউল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দ্য শিলা সিউল হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশটির ক্ষমতাসীন মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও বিরোধী দল পিপল পাওয়ার পার্টি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইসমাইল জবিউল্লাহ। উদ্বোধনের পর প্রথম প্ল্যানারি অধিবেশনে বক্তব্যে তিনি বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য। গণতন্ত্র কেবল নির্বাচনি প্রক্রিয়া নয়, বরং জনগণের সঙ্গে রাষ্ট্রক্ষমতায় দায়িত্ব পালনকারীদের একটি সামাজিক চুক্তি। এর ভিত্তি হতে হবে জবাবদিহি, স্বচ্ছতা, আইনের শাসন ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা।

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে মানবজীবনের মর্যাদাকে স্থান দিতে হবে। আন্তর্জাতিক নীতি ও আদর্শ কোনো বৈষম্য ছাড়াই সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে।

আন্তমহাদেশীয় রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান অস্থির বিশ্বে বিভিন্ন মহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউরোপের অস্থিরতা থেকে এশিয়া বিচ্ছিন্ন থাকতে পারে না, একইভাবে মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব থেকেও ইউরোপ মুক্ত থাকতে পারে না। বিএনপি এ ধরনের সংলাপে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী।

অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরোধিতা করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এমনভাবে অন্য দেশের রাজনৈতিক দলকে সমর্থন করা উচিত নয়, যাতে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এ সময় আন্তসীমান্ত রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিরোধে আইসিএপিপির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।

ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, বিশ্বের ভবিষ্যৎ কেবল জবরদস্তি কিংবা সম্পদের ওপর নির্ভর করবে না; আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে কতটা সক্ষম, তার ওপরও নির্ভর করবে।

বাংলাদেশ ও বিএনপির পক্ষ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আস্থা পুনর্গঠনকে শুধু রাজনৈতিক স্লোগান হিসেবে নয়, বরং অভিন্ন ভবিষ্যতের প্রতি স্থায়ী অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে হবে।

আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিএনপির প্রতিনিধিদলে ইসমাইল জবিউল্লাহ ছাড়াও রয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে রয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও সালাহউদ্দিন আইয়ুবী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলে রয়েছেন মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মনিরা শারমিন ও মো. আলাউদ্দিন।

এ ছাড়া জাতীয় পার্টির প্রতিনিধিদলে রয়েছেন মো. মমতাজ উদ্দিন ও মো. আলাহান উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন কেএম বিল্লাল ও মো. রাজন সিকদার।

এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংলাপ জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অভিন্ন উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলন চলবে ৬ নভেম্বর পর্যন্ত। সম্মেলন-পরবর্তী ৭ নভেম্বর অংশগ্রহণকারী প্রতিনিধিদের জন্য দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম, যুবলীগ নেতা আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম, যুবলীগ নেতা আটক

ছবি: কালবেলা

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

আটক হিমাংশু পাল বাগেরহাটের স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হাড়িখালী এলাকার বাসিন্দা অমলেন্দু পালের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে সাময়িকভাবে রাখার অনুরোধ জানানো হয়েছিল। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির বলেন, ইমিগ্রেশনে আটক যুবলীগ নেতাকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাগেরহাট সদর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তি বর্তমানে বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম