জাপান বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন: নেতাদের প্রতিবাদ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাপান বিএনপির নেতারা। রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা দাবি করেন, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। বরং দলের নেতাকর্মী ও সমমনা ব্যবসায়ীদের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। বহিষ্কৃত এক নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের অভিযোগ প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তারা।
জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলের সমমনা ব্যবসায়ীরাও সহযোগিতা করেছেন। কারও কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় বা চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।
জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি বলেন, অনুষ্ঠানটি ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের আয়োজন, কোনো দলীয় অনুষ্ঠান নয়। তাই প্রবাসীদের পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
জাপান বিএনপির প্রধান পৃষ্ঠপোষক মো. শহীদুল ইসলাম নান্নু প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের ভিত্তিতে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই জাপান বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা পক্ষের অভিযোগ সংবাদ হিসেবে প্রকাশের আগে সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হয়ে দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জাপান বিএনপির ১ নম্বর সহসভাপতি ড. মাসুম জাকিরও প্রকাশিত অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বক্তব্যের ভিত্তিতে কোনো সংগঠন বা তার নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় নয়। কোনো অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।
তিনি দলীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর বক্তব্যে কান না দিয়ে সতর্ক, সংযত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ব্যক্তিগত বিরোধ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা যেন দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বলেন।
এ ছাড়া জাপান বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, সম্মানিত সদস্য কাজী এনামুল হক, উপদেষ্টা মোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আশিক সাইফুল্লাহ জায়েদ এবং যুগ্ম সম্পাদক কাজী সাদেকুল হায়দার বাবলুসহ নির্বাহী কমিটির সদস্যরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
জাপান বিএনপির নেতাদের বক্তব্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি করেছিল। সেই আগ্রহ থেকেই কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ আয়োজন ঘিরে কোনো অনিয়ম বা চাঁদাবাজির অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যকে সরাসরি সত্য হিসেবে প্রচার করা সমীচীন নয় বলে মনে করেন তারা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন