ছবি যোগফল কুড়িগ্রাম প্রতিনিধি
মোঃ হাসান মাহমুদ জয় ।। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধারে ইস্পাতকঠিন ঐক্যের ডাক ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের হাজারো নেতাকর্মী ও সাধারণ সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি ও শোডাউন: বিকেল সাড়ে তিনটার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণিল ও বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় পুরো পৌরশহর এলাকা নেতাকর্মীদের স্লোগানে ও মিছিলে মুখরিত হয়ে ওঠে।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সুযোগ্য ও গতিশীল সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দের সুনিপুণ ও প্রাণবন্ত সঞ্চালনায় সমাবেশটি এক জনসমুদ্রে রূপ নেয়। শহিদুল ইসলাম আকন্দের চমৎকার ও সুশৃঙ্খল সঞ্চালনা পুরো অনুষ্ঠানকে দারুণভাবে সফল করে তোলে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বলেন, "৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সকল ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
এদিনের এই বর্ণাঢ্য আয়োজনে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল ও যুবদল-এর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও তাক লাগানো উপস্থিতি ছিল লক্ষণীয়। মিছিল ও সমাবেশে তরুণ নেতাকর্মীদের সরব অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট বজলুর রশিদ (পিপি), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, সদস্য নিজাম উদ্দিন, সাবেক সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম এবং ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।
আপনার মতামত লিখুন