কপ৩১ ঘিরে বিশ্বনেতা ও পরিবেশকর্মীদের মিলনমেলা এখন তুরস্কের আন্তালিয়ায়
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ভূমধ্যসাগরের তীরঘেঁষা তুরস্কের ঐতিহাসিক শহর আন্তালিয়া এখন বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১ ঘিরে মুখরিত। সবুজে ঘেরা প্রাচীন রোমান ও অটোমান স্থাপত্যের ঐতিহ্যবাহী এই পর্যটননগরী পরিণত হয়েছে বিশ্বনেতা, জলবায়ু বিজ্ঞানী, নীতিনির্ধারক, তরুণ পরিবেশকর্মী ও অধিকারকর্মীদের মিলনস্থলে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে শহরজুড়ে চলছে নানা আয়োজন।
ম্যাক্স রয়েল হোটেলের কূটনৈতিক সভাকক্ষ থেকে শুরু করে আন্তালিয়ার রাজপথ—সবখানেই উচ্চারিত হচ্ছে ‘পৃথিবী বাঁচাও, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করো’ স্লোগান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানে সরব হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
গত সোমবার থেকে আন্তালিয়া এক্সপো সেন্টারে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ৩১। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, গবেষক ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার আন্তালিয়ায় পৌঁছেছে।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করা হয়। এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদার। স্বাগতিক তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনে সভাপতিত্ব করছেন। আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার আইলন গাই বোয়েন (ক্রিস বোয়েন)। ১১ দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামী ২০ নভেম্বর।
বিশ্ববাসীর দৃষ্টি এখন আন্তালিয়ায়
সবুজ গাছগাছালি, ভূমধ্যসাগরের নীল জলরাশি এবং মনোরম আবহাওয়ার কারণে আন্তালিয়া আগে থেকেই পর্যটকদের কাছে জনপ্রিয়। তবে কপ৩১ ঘিরে এবার শহরটিতে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, পরিবেশকর্মী, সংবাদকর্মী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
সম্মেলনস্থলে গিয়ে দেখা গেছে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা সংগঠনগুলোর ব্যাপক উপস্থিতি রয়েছে।
নেদারল্যান্ডস থেকে আসা পরিবেশকর্মী রিচার্ড জুলিয়াস বলেন, ‘কী চমৎকার শহর! মন জুড়িয়ে যায়। আমি কপ৩১-এ যোগ দিতে এসেছি। বুধবারের আলোচনায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কীভাবে সহযোগিতা করা যায়, সেই বিষয়টি উঠে এসেছে।’
কেন সম্মেলনের স্থান আন্তালিয়া
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আন্তালিয়া। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শহরটির ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিমানবন্দর, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত হোটেল এবং বড় পরিসরে সম্মেলন আয়োজনের সুযোগ থাকায় আন্তর্জাতিক আয়োজনের জন্য শহরটিকে উপযুক্ত মনে করা হয়েছে।
আন্তালিয়া বিমানবন্দর থেকে সম্মেলনস্থলের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বিমানবন্দর থেকে সম্মেলনকেন্দ্র পর্যন্ত সড়কে শোভা পাচ্ছে ‘ওয়েলকাম আন্তালিয়া’ লেখা বিলবোর্ড। তুরস্কের জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন দেশের পতাকায় সাজানো হয়েছে পুরো এলাকা।
সম্মেলনস্থলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্যাভিলিয়ন রয়েছে। পাশাপাশি জলবায়ু ও পরিবেশবিষয়ক কার্যক্রম তুলে ধরছে বিভিন্ন দেশের বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।
তুরস্কের ইস্তাম্বুলের সাবানচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাকিস্তানি নাগরিক শাহবাজ খান বলেন, ইস্তাম্বুলে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কনকনে শীত অনুভূত হচ্ছে। গত বছর একই সময়ে এমন আবহাওয়া ছিল না। এর পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব থাকতে পারে। এবারের সম্মেলনে উন্নত দেশগুলো কী ভূমিকা নেয় এবং কোন কোন বিষয়ে ঐকমত্য হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। তার মতে, আগের সম্মেলনগুলোতে অনেক আলোচনা হলেও প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি।
আন্তালিয়াকে সম্মেলনের স্থান হিসেবে বেছে নেওয়ার বিষয়ে শাহবাজ খান বলেন, শহরটির ভৌগোলিক অবস্থান একে সভ্যতা ও সংস্কৃতির সেতুতে পরিণত করেছে। জলবায়ু কূটনৈতিক প্রতিশ্রুতি এবং মাঠপর্যায়ের বাস্তবায়নের মধ্যকার দূরত্ব কমানোর জন্য এটি আদর্শ স্থান।
ইতালি থেকে আসা মিজ সোনারিও বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই শহরটি পানির সংকট, তাপমাত্রা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ুজনিত চ্যালেঞ্জের মুখোমুখি। তাই জলবায়ু সংকটের বাস্তব চিত্র তুলে ধরে কার্যকর সমাধানের পথ বের করাই এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, এবারের সম্মেলন থেকে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন প্রত্যাশা করছে। এখন আর শুধু প্রতিশ্রুতি নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় বাংলাদেশ।
সম্মেলনের গুরুত্বপূর্ণ কর্মসূচি
বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপের পূর্ণরূপ ‘কনফারেন্স অব দ্য পার্টিস’। ১৯৯২ সালে সদস্য দেশগুলো ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’ (ইউএনএফসিসিসি) চুক্তিতে স্বাক্ষর করে। বিশ্বব্যাপী জলবায়ু ব্যবস্থাকে মানুষের বিপজ্জনক কর্মকাণ্ড থেকে রক্ষা করাই এ চুক্তির মূল লক্ষ্য।
এই লক্ষ্য বাস্তবায়নে ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রতিনিধি ও পরিবেশবিদরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন নিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে মিলিত হন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন