কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়, চীন-উজবেকিস্তানের সঙ্গে বৈঠক
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের সাইডলাইনে চীন ও উজবেকিস্তানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক
কপ৩১ সম্মেলনের সাইডলাইনে বুধবার বিকেল সাড়ে ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক
এর আগে বুধবার বিকেল পৌনে ৩টায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রায় আধাঘণ্টার এ বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যু
এর আগে মঙ্গলবার রাতে কপ৩১ সম্মেলনের প্রাক্কালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। এতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জ্বালানি খাতে অংশীদারত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন। যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ব্যবসায়ীদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন। এ খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে দুই দেশ।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জোরালো আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন তিনি।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতি এবং রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ওআইসিতে তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকগুলোতে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন