খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩

২২ বছর ধরে শিকলবন্দি চায়নার জীবন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
২২ বছর ধরে শিকলবন্দি চায়নার জীবন

ছবিতে শিকলবন্দি চায়না

ওবায়দুল হক  ।। রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

ছোট্ট একটি টিনের চালাঘর। তার ভেতরে খুঁটির সঙ্গে শিকল দিয়ে পা বেঁধে রাখা হয়েছে চায়না বেগমকে। শিকলের আঘাতে তার পায়ে সৃষ্টি হয়েছে ক্ষত। ঝড়-বৃষ্টি, শীত-গ্রীষ্ম, ওই চালাঘরের মেঝেতে সারাদিন শিকলে বন্দী হয়ে থাকতে হয় চায়না বেগমকে। মানসিক রোগী চায়না বেগমের বয়স এখন ৩৮ বছর। দিন মজুর ভাই সাইফুলের সংসারে বোঝা হয়ে আছে চায়না। অভাবের তাড়নায় চায়নার ভাল কোন চিকিৎসা দিতে পাচ্ছে পরিবারটি। দীর্ঘ ২২ বছর ধরে শিকলে বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে দুই সন্তানের জননী চায়না বেগম। ১৮ বছর পর স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় কয়েকটি পত্রিকায় নিউজ হলে প্রতিবন্ধীভাতা নামের তালিকায় অন্তর্ভুক্ত হয় ।

১২ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ারচর গড়াইমারী গ্রামে গিয়ে দেখাগেছে মৃত নাছির আলী ও সাহাতনের পরিবারের এমনই করুণ দৃশ্য। প্রতিবেশী হাসিনা, মরিয়ম ও জয়নালের সাথে কথা বলে জানা গেছে, মাত্র ১২ বছর বয়সে প্রায় ২৪ বছর আগে তার বিয়ে হয় একই এলাকার কাচানীপাড়া গ্রামের আবেদ আলীর সাথে। বিবাহিত জীবনে ৩ বছরের মধ্যেই কিশোরী বয়সে দুইটি কন্যা সন্তান জন্ম দেয় চায়না। প্রথম সন্তান জন্মের পর থেকেই চায়নার অস্বাভাবিক আচরণ শুরু হয়। মাঝে মধ্যে স্বামীর বাড়ী থেকে এদিক-সেদিক পালিয়ে বেড়াতো কাউকে না বলেই। ভারসাম্যহী অবস্থাতেই দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয়ার পর স্বামী আবেদ আলী বিবাহ বিচ্ছেদ ছাড়াই তাকে সরিয়ে দেয় দুই সন্তানসহ। একবার পালাইয়া ভারতেও গিয়েছিল। চায়নাকে নিয়া পরিবারটি খুব সমস্যায় আছে। সেজন্যই তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। আবেদ আলী অন্যত্র বিয়ে করে খোঁজ-খবর নেয় না স্ত্রী সন্তানদের। ২২ বছর যাবৎ দিন মজুর ভাই সাইফুলের আশ্রয়ে কষ্টে দিন যাচ্ছে তার। চায়নার দুইটি কন্যা সন্তানকে লালন করে বিয়ে দিয়েছে ওই পরিবার। ভাই পাবনা, রংপুর, উলিপুর, কুড়িগ্রাম এবং বিভিন্ন কবিরাজী চিকিৎসার জন্য ঘুরে ঘুরে সহায়-সম্বল হাড়িয়ে নিঃস্ব প্রায়। চায়নার ভাই সাইফুল বলেন, আমার অভাবের সংসারে না পারছে খাবার জোগাতে, না পারছে ভাল চিকিৎসা দিতে। টেহা পয়সা খরচ কইরা আর কুলাইতে পারছি না সব শেষ হইয়া গেছে সরকার যদি দয়াকইরা আমার বোনের ভালো ডাক্তার দেহায় আমার বোন ভালো হইবো। 

 রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরণ মোঃ ইলিয়াসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চয়ানা মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে তার পরিবার তাকে শিকলে বন্দি করে রাখে। আমি ব্যক্তিগতভাবে তাকে আর্থিক সহযোগিতা করেছি।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

ছবি বাউবি

যোগফল প্রতিবেদন ।। অনলাইন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুইজন শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বাউবি কর্তৃপক্ষ নকলমুক্ত, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে বদ্ধপরিকর। সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।

নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশে কীটনাশক উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যে দেশীয় উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা বাড়ানো হচ্ছে। তবে কীটনাশকের কাঁচামাল আমদানি ও বন্দর থেকে পণ্য খালাসে হয়রানি কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন এসআরও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উৎপাদনকারীরা।

উৎপাদনকারীদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এনবিআর নতুন এসআরও জারি করলেও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তা অনুসরণ করছে না। ফলে আগের নিয়মেই প্রতিবার কাঁচামাল খালাসের জন্য অনাপত্তিপত্র (এনওসি) নিতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। একই সঙ্গে হয়রানির শিকার হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল চট্টগ্রাম বন্দরে পৌঁছালে প্রতিটি চালানের জন্য কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নিতে হয়। এ জন্য প্রথমে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আবেদন করতে হয়। পরে আবেদনটি কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন শেষে আবার অধিদপ্তরে পাঠানো হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে কারখানা পরিদর্শনের মাধ্যমে প্রতিবেদন দেওয়া হয়।

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়ার সময়ই প্রয়োজনীয় শর্ত যাচাই করা হয়। এরপরও প্রতিবার কাঁচামাল আমদানির পর কারখানা পরিদর্শন করে প্রতিষ্ঠানটি উৎপাদনকারী কি না, তা যাচাই করার যৌক্তিকতা নেই।

তিনি বলেন, কারখানা পরিদর্শনে তাদের কোনো আপত্তি নেই। তবে প্রতিবার কাঁচামাল খালাসের সময় অনাপত্তিপত্র নেওয়া এবং তদন্তের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হলে তিনি প্রতিবার অনাপত্তিপত্র নেওয়ার বিধান তুলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের আগের এসআরও নম্বর ১৯৯-আইন/২০২৫/২১/কাস্টমসের পরিবর্তে নতুন করে ১৫৬-আইন/২০২৬/কাস্টমস নম্বরে এসআরও জারি করেছে এনবিআর। নতুন বিধান অনুযায়ী, আমদানিকারক কার কাছ থেকে এবং কত তারিখে পণ্য এনেছেন, তা প্রতিবার যাচাই করার প্রয়োজন নেই। নির্ধারিত প্রত্যয়নপত্র দেখিয়েই বারবার কাঁচামাল খালাস করা যাবে। অর্থাৎ প্রতিটি চালানের জন্য নতুন করে অনাপত্তিপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।

তবে নতুন এসআরও জারির পরও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগের নিয়মে কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন উৎপাদনকারীরা। তাদের দাবি, এতে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা নতুন এসআরও কার্যত উপেক্ষিত হচ্ছে।

কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সমাধানের জন্য কৃষি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করতে বলা হচ্ছে। ফলে নতুন এসআরওর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশীয় শিল্প উদ্যোক্তারা।

তিনি আরও বলেন, আগের নিয়মে কার্যক্রম পরিচালনার কারণে সময় ও অর্থের অপচয় হচ্ছে। উৎপাদনকারীদের পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে। অথচ কীটনাশকের আমদানির বিকল্প হিসেবে দেশেই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে, যা সরকারও উৎসাহিত করতে চায়।

বামা সভাপতি অভিযোগ করেন, সরাসরি কীটনাশক আমদানিকারকদের ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা নেই। কিন্তু দেশীয় উৎপাদনকারীদের প্রতিবার কাঁচামাল আমদানির সময় নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এতে স্থানীয় উৎপাদন শিল্প নিরুৎসাহিত হচ্ছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অর্থমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. এনায়েত-ই রাব্বি বলেন, তারা সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। নতুন এসআরও অনুসরণ করে ছাড়পত্র দেওয়ার বিষয়ে এখনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই নতুন এসআরও অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

শাকুর মাহমুদ চৌধুরী ।। উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা 

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সুদৃঢ় ঐক্যের প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চার গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের আলীর জাহালের সাইমা ওশান সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ১৫০ জন সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, সাংগঠনিক সম্মেলন, কমিটি ঘোষণা, গুণীজন সংবর্ধনা, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ। সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন এবং দপ্তর সম্পাদক ও উত্তরণ মডেল কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম, প্রকৌশলী কানন পাল, অ্যাডভোকেট আবদুর রহিম, জাফর আলম, বীর মুক্তিযোদ্ধা সমীর পাল, রোস্তম আলী ও অ্যাডভোকেট রেজাউল করিম।

অনুষ্ঠানে চার গুণীজনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন—শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, ক্য থিং অং, দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা এবং দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, দীর্ঘ ২২ বছর ধরে কক্সবাজার জেলা প্রেসক্লাব সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতায় 5W ও 1H-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া অত্যন্ত জরুরি। হলুদ সাংবাদিকতা ও পক্ষপাতমূলক সংবাদ পরিহার করে পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।

প্রধান অতিথি এম এম সিরাজুল ইসলাম বলেন, সত্য যত কঠিনই হোক, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। কক্সবাজারের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন।

প্রধান আলোচক ক্য থিং অং বলেন, তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের বিষয়েও সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকা রাখা জরুরি।

দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠার সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সংগঠনটি একসময় সাংবাদিকতা অঙ্গনে ব্যাপক সম্মান অর্জন করেছিল। তিনি আশা প্রকাশ করেন, প্রেসক্লাব আবারও তার হারানো মর্যাদা ও গৌরব ফিরে পাবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিয়মনীতি, নৈতিকতা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নানা প্রলোভন থাকলেও সত্যের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। নিরন্ন, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের আশা-ভরসার জায়গা সাংবাদিকতা। তাই নতুন প্রজন্মকে ত্যাগ, সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমে পেশার মর্যাদা রক্ষা করতে হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সাংবাদিকেরা সমাজের সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদক নিয়ন্ত্রণ ও সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও কক্সবাজার জেলা প্রেসক্লাব সাংবাদিকদের একটি সুসংগঠিত পরিবার হিসেবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত নিরাপত্তা ও পারস্পরিক ঐক্য জোরদারে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সম্মেলনে প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনকে নিজ নিজ পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির অন্যান্য পদ ও দায়িত্ব আগের কমিটির সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া উপজেলা পর্যায়ে প্রেসক্লাবগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সফরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। প্রবীণ ও নবীন সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক সম্মেলনের সমাপ্তি ঘটে।