উখিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪
ছবি উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
শাকুর মাহমুদ চৌধুরী ।। উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী ও কথিত গ্রুপ লিডাররা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন প্রকাশ মুন্না, আরফাত হোসাইন ও আবু তাহের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার (১১ নভেম্বর) বটতলী স্টেশনে উভয় পক্ষের লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং একপর্যায়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মিয়ানমার সীমান্তসংলগ্ন অবস্থানের সুযোগ নিয়ে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে প্রতিরাতে বিপুল পরিমাণ ইয়াবা দেশে প্রবেশ করছে। এসব মাদকের একটি বড় অংশ রোহিঙ্গা আশ্রয়শিবিরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এর পেছনে প্রভাবশালী একাধিক মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের নামও আলোচনায় এসেছে।
স্থানীয়দের দাবি, ইয়াবা আমদানি ও সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে আবুল ফয়েজের সঙ্গে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নালের বিরোধ চলছিল। মাদকের চালান নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল ও ৪১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু অস্ত্রধারীদের গ্রেপ্তার নয়, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, সরবরাহ ও নিয়ন্ত্রণের নেপথ্যে থাকা মূল হোতাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন