খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

ছবি গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ জেলা সংবাদদাতা 

শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট জগতের সরাসরি সেতুবন্ধন তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ কনফারেন্সে দেশের বিভিন্ন খাতের ৮টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)’র উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খুলনার খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

এছাড়াও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের পরিচালক অধ্যাপক মেহেদী হাসান মো. হেফজুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং স্ট্র্যাটেজি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউর রহমান, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক (অপারেশনস) মুহাম্মদ জাহিদ আলী বেরুনী, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) মো. ওহিদুল ইসলাম, মেনকো ফার্মা লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস ও প্ল্যান্ট) মো. আমিনুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মো. মহিউদ্দিন সেলিম, নগদ লিমিটেডের প্রধান (ইউটিলিটি, শিক্ষা ও সরকারি পেমেন্ট) মো. গোলাম মুর্তজা মিলু এবং পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালকের (মানবসম্পদ ও প্রশাসন) প্রতিনিধি।

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জনে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার তাগিদ দিয়ে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান পুঁজিবাজারের সঙ্গে তালমিলিয়ে উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। 

অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান। একই সঙ্গে শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্ব দেন তিনি।

শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ। এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে বলেও জানান তিনি। তার মতে, গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রেখে গবেষণার অগ্রাধিকার হওয়া উচিত শিল্প ও দেশের বাস্তব সমস্যার সমাধান। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। 

এ ছাড়া প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কনফারেন্সে যোগ দেওয়ায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার, ক্লাসরুম সংকট এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষক সংকটও রয়েছে। আমরা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা দিতে পারি না। মাত্র ৫০ কোটি টাকা অর্থায়ন পেলে ল্যাব সংকট সমাধান হতো। এছাড়াও শিক্ষক সংকট দূরীকরণে ইউজিসির সদয় দৃষ্টি কামনা করেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীদের যেমন চলনে বলনে, বসনে ভূষণে চাকরির বাজারের উপযোগী হয়ে উঠতে হবে, তেমনই শিক্ষকদের সততার সঙ্গে পাঠদানের পাশাপাশি ভালো গবেষক হতে হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ ও আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেকারণে শিক্ষকরা সময় মতো ক্লাসে যাবেন, পড়াবেন, রেজাল্ট দেবেন। যাতে আমাদের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অজর্ন করে কর্মজীবনে প্রবেশ করতে পারে।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের জন্য সরাসরি চাকরির আবেদনের সুযোগ। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী একাধিক প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে আমন্ত্রিত অতিথিদের সামনে বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন ও সম্ভাবনা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে এসিএসএস জিএসটিইউ চ্যাপ্টার।

কনফারেন্সের কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহাজান জানান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের বাস্তব কর্মজগতের সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

ছবি বাউবি

যোগফল প্রতিবেদন ।। অনলাইন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুইজন শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বাউবি কর্তৃপক্ষ নকলমুক্ত, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে বদ্ধপরিকর। সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।

নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশে কীটনাশক উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যে দেশীয় উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা বাড়ানো হচ্ছে। তবে কীটনাশকের কাঁচামাল আমদানি ও বন্দর থেকে পণ্য খালাসে হয়রানি কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন এসআরও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উৎপাদনকারীরা।

উৎপাদনকারীদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এনবিআর নতুন এসআরও জারি করলেও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তা অনুসরণ করছে না। ফলে আগের নিয়মেই প্রতিবার কাঁচামাল খালাসের জন্য অনাপত্তিপত্র (এনওসি) নিতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। একই সঙ্গে হয়রানির শিকার হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল চট্টগ্রাম বন্দরে পৌঁছালে প্রতিটি চালানের জন্য কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নিতে হয়। এ জন্য প্রথমে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আবেদন করতে হয়। পরে আবেদনটি কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন শেষে আবার অধিদপ্তরে পাঠানো হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে কারখানা পরিদর্শনের মাধ্যমে প্রতিবেদন দেওয়া হয়।

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়ার সময়ই প্রয়োজনীয় শর্ত যাচাই করা হয়। এরপরও প্রতিবার কাঁচামাল আমদানির পর কারখানা পরিদর্শন করে প্রতিষ্ঠানটি উৎপাদনকারী কি না, তা যাচাই করার যৌক্তিকতা নেই।

তিনি বলেন, কারখানা পরিদর্শনে তাদের কোনো আপত্তি নেই। তবে প্রতিবার কাঁচামাল খালাসের সময় অনাপত্তিপত্র নেওয়া এবং তদন্তের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হলে তিনি প্রতিবার অনাপত্তিপত্র নেওয়ার বিধান তুলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের আগের এসআরও নম্বর ১৯৯-আইন/২০২৫/২১/কাস্টমসের পরিবর্তে নতুন করে ১৫৬-আইন/২০২৬/কাস্টমস নম্বরে এসআরও জারি করেছে এনবিআর। নতুন বিধান অনুযায়ী, আমদানিকারক কার কাছ থেকে এবং কত তারিখে পণ্য এনেছেন, তা প্রতিবার যাচাই করার প্রয়োজন নেই। নির্ধারিত প্রত্যয়নপত্র দেখিয়েই বারবার কাঁচামাল খালাস করা যাবে। অর্থাৎ প্রতিটি চালানের জন্য নতুন করে অনাপত্তিপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।

তবে নতুন এসআরও জারির পরও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগের নিয়মে কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন উৎপাদনকারীরা। তাদের দাবি, এতে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা নতুন এসআরও কার্যত উপেক্ষিত হচ্ছে।

কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সমাধানের জন্য কৃষি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করতে বলা হচ্ছে। ফলে নতুন এসআরওর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশীয় শিল্প উদ্যোক্তারা।

তিনি আরও বলেন, আগের নিয়মে কার্যক্রম পরিচালনার কারণে সময় ও অর্থের অপচয় হচ্ছে। উৎপাদনকারীদের পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে। অথচ কীটনাশকের আমদানির বিকল্প হিসেবে দেশেই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে, যা সরকারও উৎসাহিত করতে চায়।

বামা সভাপতি অভিযোগ করেন, সরাসরি কীটনাশক আমদানিকারকদের ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা নেই। কিন্তু দেশীয় উৎপাদনকারীদের প্রতিবার কাঁচামাল আমদানির সময় নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এতে স্থানীয় উৎপাদন শিল্প নিরুৎসাহিত হচ্ছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অর্থমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. এনায়েত-ই রাব্বি বলেন, তারা সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। নতুন এসআরও অনুসরণ করে ছাড়পত্র দেওয়ার বিষয়ে এখনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই নতুন এসআরও অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

শাকুর মাহমুদ চৌধুরী ।। উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা 

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সুদৃঢ় ঐক্যের প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চার গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের আলীর জাহালের সাইমা ওশান সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ১৫০ জন সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, সাংগঠনিক সম্মেলন, কমিটি ঘোষণা, গুণীজন সংবর্ধনা, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ। সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন এবং দপ্তর সম্পাদক ও উত্তরণ মডেল কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম, প্রকৌশলী কানন পাল, অ্যাডভোকেট আবদুর রহিম, জাফর আলম, বীর মুক্তিযোদ্ধা সমীর পাল, রোস্তম আলী ও অ্যাডভোকেট রেজাউল করিম।

অনুষ্ঠানে চার গুণীজনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন—শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, ক্য থিং অং, দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা এবং দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, দীর্ঘ ২২ বছর ধরে কক্সবাজার জেলা প্রেসক্লাব সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতায় 5W ও 1H-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া অত্যন্ত জরুরি। হলুদ সাংবাদিকতা ও পক্ষপাতমূলক সংবাদ পরিহার করে পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।

প্রধান অতিথি এম এম সিরাজুল ইসলাম বলেন, সত্য যত কঠিনই হোক, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। কক্সবাজারের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন।

প্রধান আলোচক ক্য থিং অং বলেন, তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের বিষয়েও সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকা রাখা জরুরি।

দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠার সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সংগঠনটি একসময় সাংবাদিকতা অঙ্গনে ব্যাপক সম্মান অর্জন করেছিল। তিনি আশা প্রকাশ করেন, প্রেসক্লাব আবারও তার হারানো মর্যাদা ও গৌরব ফিরে পাবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিয়মনীতি, নৈতিকতা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নানা প্রলোভন থাকলেও সত্যের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। নিরন্ন, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের আশা-ভরসার জায়গা সাংবাদিকতা। তাই নতুন প্রজন্মকে ত্যাগ, সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমে পেশার মর্যাদা রক্ষা করতে হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সাংবাদিকেরা সমাজের সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদক নিয়ন্ত্রণ ও সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও কক্সবাজার জেলা প্রেসক্লাব সাংবাদিকদের একটি সুসংগঠিত পরিবার হিসেবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত নিরাপত্তা ও পারস্পরিক ঐক্য জোরদারে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সম্মেলনে প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনকে নিজ নিজ পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির অন্যান্য পদ ও দায়িত্ব আগের কমিটির সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া উপজেলা পর্যায়ে প্রেসক্লাবগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সফরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। প্রবীণ ও নবীন সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক সম্মেলনের সমাপ্তি ঘটে।