খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩

উখিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উখিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

ছবি উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

শাকুর মাহমুদ চৌধুরী ।। উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা 

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী ও কথিত গ্রুপ লিডাররা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন প্রকাশ মুন্না, আরফাত হোসাইন ও আবু তাহের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার (১১ নভেম্বর) বটতলী স্টেশনে উভয় পক্ষের লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং একপর্যায়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মিয়ানমার সীমান্তসংলগ্ন অবস্থানের সুযোগ নিয়ে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে প্রতিরাতে বিপুল পরিমাণ ইয়াবা দেশে প্রবেশ করছে। এসব মাদকের একটি বড় অংশ রোহিঙ্গা আশ্রয়শিবিরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এর পেছনে প্রভাবশালী একাধিক মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের নামও আলোচনায় এসেছে।

স্থানীয়দের দাবি, ইয়াবা আমদানি ও সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে আবুল ফয়েজের সঙ্গে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নালের বিরোধ চলছিল। মাদকের চালান নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল ও ৪১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, শুধু অস্ত্রধারীদের গ্রেপ্তার নয়, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, সরবরাহ ও নিয়ন্ত্রণের নেপথ্যে থাকা মূল হোতাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

ছবি পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছায় পৃথক অভিযানে নাশকতা ও অপহরণ মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার কপিলমুনি বাজার ও কয়রা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কপিলমুনি বাজার থেকে পঙ্কজ কর্মকারকে আটক করে পুলিশ। তিনি উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ট কর্মকারের ছেলে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, পঙ্কজ কর্মকারকে থানার ২৪ সালের ১১ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে।

অন্যদিকে, অপহরণ মামলায় কয়রা উপজেলার পাটনিখালি গ্রামের মঞ্জু মোল্লার ছেলে বায়োজিত মোল্লাকে কয়রা থানা-পুলিশের সহায়তায় আটক করা হয়। থানার মামলা নং- ৭/১১।

পাইকগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

ছবি বাউবি

যোগফল প্রতিবেদন ।। অনলাইন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুইজন শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বাউবি কর্তৃপক্ষ নকলমুক্ত, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে বদ্ধপরিকর। সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।

নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশে কীটনাশক উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যে দেশীয় উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা বাড়ানো হচ্ছে। তবে কীটনাশকের কাঁচামাল আমদানি ও বন্দর থেকে পণ্য খালাসে হয়রানি কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন এসআরও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উৎপাদনকারীরা।

উৎপাদনকারীদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এনবিআর নতুন এসআরও জারি করলেও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তা অনুসরণ করছে না। ফলে আগের নিয়মেই প্রতিবার কাঁচামাল খালাসের জন্য অনাপত্তিপত্র (এনওসি) নিতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। একই সঙ্গে হয়রানির শিকার হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল চট্টগ্রাম বন্দরে পৌঁছালে প্রতিটি চালানের জন্য কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নিতে হয়। এ জন্য প্রথমে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আবেদন করতে হয়। পরে আবেদনটি কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন শেষে আবার অধিদপ্তরে পাঠানো হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে কারখানা পরিদর্শনের মাধ্যমে প্রতিবেদন দেওয়া হয়।

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়ার সময়ই প্রয়োজনীয় শর্ত যাচাই করা হয়। এরপরও প্রতিবার কাঁচামাল আমদানির পর কারখানা পরিদর্শন করে প্রতিষ্ঠানটি উৎপাদনকারী কি না, তা যাচাই করার যৌক্তিকতা নেই।

তিনি বলেন, কারখানা পরিদর্শনে তাদের কোনো আপত্তি নেই। তবে প্রতিবার কাঁচামাল খালাসের সময় অনাপত্তিপত্র নেওয়া এবং তদন্তের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হলে তিনি প্রতিবার অনাপত্তিপত্র নেওয়ার বিধান তুলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের আগের এসআরও নম্বর ১৯৯-আইন/২০২৫/২১/কাস্টমসের পরিবর্তে নতুন করে ১৫৬-আইন/২০২৬/কাস্টমস নম্বরে এসআরও জারি করেছে এনবিআর। নতুন বিধান অনুযায়ী, আমদানিকারক কার কাছ থেকে এবং কত তারিখে পণ্য এনেছেন, তা প্রতিবার যাচাই করার প্রয়োজন নেই। নির্ধারিত প্রত্যয়নপত্র দেখিয়েই বারবার কাঁচামাল খালাস করা যাবে। অর্থাৎ প্রতিটি চালানের জন্য নতুন করে অনাপত্তিপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।

তবে নতুন এসআরও জারির পরও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগের নিয়মে কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন উৎপাদনকারীরা। তাদের দাবি, এতে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা নতুন এসআরও কার্যত উপেক্ষিত হচ্ছে।

কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সমাধানের জন্য কৃষি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করতে বলা হচ্ছে। ফলে নতুন এসআরওর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশীয় শিল্প উদ্যোক্তারা।

তিনি আরও বলেন, আগের নিয়মে কার্যক্রম পরিচালনার কারণে সময় ও অর্থের অপচয় হচ্ছে। উৎপাদনকারীদের পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে। অথচ কীটনাশকের আমদানির বিকল্প হিসেবে দেশেই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে, যা সরকারও উৎসাহিত করতে চায়।

বামা সভাপতি অভিযোগ করেন, সরাসরি কীটনাশক আমদানিকারকদের ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা নেই। কিন্তু দেশীয় উৎপাদনকারীদের প্রতিবার কাঁচামাল আমদানির সময় নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এতে স্থানীয় উৎপাদন শিল্প নিরুৎসাহিত হচ্ছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অর্থমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. এনায়েত-ই রাব্বি বলেন, তারা সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। নতুন এসআরও অনুসরণ করে ছাড়পত্র দেওয়ার বিষয়ে এখনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই নতুন এসআরও অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম