রাজনীতি ঠিক হলে দেশ ঠিক হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে। তবে রাজনীতিবিদদের বড় একটি অংশ জনস্বার্থের চেয়ে নিজেদের সুযোগ-সুবিধা আদায়েই বেশি ব্যস্ত থাকেন। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের আন্তরিকতারও অভাব রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করেন স্পিকার। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সংসদীয় ককাসকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দুর্নীতির প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের (পিএস) বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বক্তব্যে প্রধানমন্ত্রীর পিএস বলায় বর্তমান প্রধানমন্ত্রীকে ঘিরে বিভ্রান্তি তৈরি হতে পারে বুঝতে পেরে তিনি রসিকতা করে বলেন, ‘আমার চাকরিটা গেছিল এখনই।’ পরে নিজের বক্তব্য সংশোধন করে ৪৫০ কোটি টাকার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত এবং কথাবলার রাজনীতির মহান কারিগর তার পিএস যখন ৪০০ কোটি টাকা বানিয়েছে তো কারা দুর্নীতি করে বোঝাই যায়।’
দুর্নীতির বিরুদ্ধে সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে স্পিকার বলেন, ককাসের প্রথম কাজ হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। এমনকি স্পিকার বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠলে তা তুলে ধরতে হবে।
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনীতি করার কোনো পরিকল্পনা তার ছিল না। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় তার বাবা পাকিস্তান আমলে সংসদ সদস্য ছিলেন উল্লেখ করে জিয়াউর রহমান তাকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন। তবে তিনি রাজি হননি।
স্পিকার বলেন, রাজনীতি করার কথা কখনো চিন্তাও করেননি তিনি। জিয়াউর রহমানের আহ্বানেও প্রথমে রাজি হননি। পরে পরিস্থিতির কারণে রাজনীতিতে যুক্ত হন।
রাজনীতির অঙ্গনে কাজ করাকে কঠিন উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা রাজনীতির বাইরে থাকেন, তাদের পক্ষে দেশের রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্র পরিচালনার নানা বিষয় বোঝা কঠিন।
দেশের পিছিয়ে থাকার জন্য রাজনীতিবিদদের দায়ী করে তিনি বলেন, দেশের পশ্চাৎপদতা এবং বিপুলসংখ্যক মানুষের সুবিধাবঞ্চিত থাকার পেছনে রাজনীতিবিদরাই দায়ী। আমলাদের দোষারোপ করা হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন।
তিনি বলেন, একসময় প্রশাসনিক কর্মকর্তারা রাজনীতিবিদদের চেয়ে বেশি ক্ষমতাশালী ছিলেন। তবে আশির দশকের পর থেকে রাষ্ট্র ও সমাজ পরিচালনার ক্ষমতা ধীরে ধীরে রাজনীতিবিদদের হাতে চলে আসে। বর্তমানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও রাষ্ট্রপতির পাশাপাশি গ্রামাঞ্চলের রাজনৈতিক দলের সাধারণ কর্মীরাও অনেক ক্ষমতাশালী।
রাজনীতির সর্বব্যাপী প্রভাব তুলে ধরে স্পিকার বলেন, রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের কর্মীরাও অনেক মানুষের উপকার কিংবা ক্ষতি করতে পারেন। তাই রাজনীতি সঠিক পথে পরিচালিত হলে দেশের সামগ্রিক পরিস্থিতিরও উন্নতি হবে।
রাজনীতিবিদদের আত্মকেন্দ্রিকতার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর কিংবা দলের পদ ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার পর অনেকেই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের আগ্রহ ও আন্তরিকতা সব সময় দেখা যায় না, যা অত্যন্ত দুঃখজনক।
তবে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। তিনি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও মানুষের আত্মদানের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। একসময় দেশ নিয়ে হতাশা থাকলেও ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষের শক্তি নতুন করে উপলব্ধি করেছেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের জনগণের অন্তর্নিহিত শক্তি ও সাধারণ মানুষের ক্ষমতা দেখা গেছে। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতারা মুহূর্তের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যান। রাজনৈতিক দলগুলো এ আন্দোলনের কৃতিত্ব দাবি করলেও সাধারণ মানুষ রাজপথে না নামলে ক্ষমতাসীনদের বিদায় করা সম্ভব হতো না।
তিনি আরও বলেন, জনগণের এই শক্তিই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সমাজে বর্তমানে যেসব অসংগতি রয়েছে, সেগুলোও একসময় দূর হবে। কারণ, জাতি জেগে উঠেছে বলে তিনি মনে করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন