খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা

ছবিতে নিহত রাসেল

গিয়াস রনি | নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহের সন্ধান পায় পুলিশ।

নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য ছিলেন এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা। এরপর থেকে নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।  

চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা বলেন, শ্রমিকদলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদের হট্টগোল ‘অসহনীয়’: রাশেদ খাঁন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদের হট্টগোল ‘অসহনীয়’: রাশেদ খাঁন

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও প্রতিবাদকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দলের সদস্যরা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেয়াদবি করছেন।

একই সঙ্গে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা এবং সরকারকে ব্যর্থ করার মিশনে নামার অভিযোগ তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ড. মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধী দল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরিকল্পিতভাবে বেয়াদবি করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধী দলের সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়, যার প্রতিফলন প্রায় ৯০ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের হট্টগোলে প্রকাশ পায়।

তিনি আরও অভিযোগ করেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে ভালো নয়। আওয়ামী লীগ অগ্নিসংযোগ করছে, আর জামায়াত-এনসিপি তাতে ইন্ধন জোগাচ্ছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের দায় বিএনপি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে জামায়াত-এনসিপি। বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলায় রাজপথে থাকার কথা না বলে বরং সরকারকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, জামায়াত জাতীয় পার্টির মতো রাজনৈতিক ফাঁদে পড়েছে। গোপন বৈঠক ফাঁস হওয়ার আশঙ্কায় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে দলটি। তবে আওয়ামী লীগ ও জামায়াতের কথিত যৌথ মিশন সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সদস্যদের সঙ্গে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংসদে তুলে ধরেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিতে দাঁড়ালে বিরোধী দলের কয়েকজন সদস্য প্রতিবাদ জানান। প্রাথমিক তদন্তে পেট্রোলবোমা হামলার প্রমাণ মেলেনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করলে সংসদে হট্টগোল আরও বেড়ে যায়।

অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের একটি পুরোনো ও পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং ও মিটার পরীক্ষা এবং স্থানীয়দের সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ আগেই আগুন লাগানোর বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

এ সময় তথ্য-উপাত্ত ও ছবি দেখিয়ে বক্তব্য দিতে শুরু করলে বিরোধী বেঞ্চ থেকে প্রতিবাদ ও হইচই শুরু হয়। একপর্যায়ে বক্তব্য থামিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি। দয়া করে আমি কথা বলার সময় একটু শুনুন। আপনারা পরে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য খণ্ডন করতে পারবেন।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ছবিতে বাপ-বেটা

গিয়াস রনি | নোয়াখালী জেলা সংবাদদাতা 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সিংড়ায় জু*য়া*র আসরে পুলিশের হানা, দুজন কা*রা*গা*রে

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সিংড়ায় জু*য়া*র আসরে পুলিশের হানা, দুজন কা*রা*গা*রে

ছবি নাটোর সংবাদদাতা

বিল্লাল হোসেন | নাটোর জেলা সংবাদদাতা 

, নাটোরের সিংড়ায় অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জুয়া খেলার সামগ্রী, জুয়ার মোবাইল অ্যাপসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ দেড় লাখ টাকা জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে সিংড়া থানাধীন জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ বেল্লাল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়ে খেলছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা ৬ থেকে ৭ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মোঃ নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ মিলন হোসেন (৩৫)।

অভিযানকালে তাঁদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, জুয়ার অ্যাপ সংবলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে সিংড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের এ ধরনের অভিযান অবৈধ জুয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।