খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৪:৪০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত
নোয়াখালী প্রতিনিধি | যোগফল অনলাইন 
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন এবং একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও ইটভাটার শ্রমিক শাহাদাতসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হয়।  

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ছবিতে বাপ-বেটা

গিয়াস রনি | নোয়াখালী জেলা সংবাদদাতা 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সিংড়ায় জু*য়া*র আসরে পুলিশের হানা, দুজন কা*রা*গা*রে

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সিংড়ায় জু*য়া*র আসরে পুলিশের হানা, দুজন কা*রা*গা*রে

ছবি নাটোর সংবাদদাতা

বিল্লাল হোসেন | নাটোর জেলা সংবাদদাতা 

, নাটোরের সিংড়ায় অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জুয়া খেলার সামগ্রী, জুয়ার মোবাইল অ্যাপসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ দেড় লাখ টাকা জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে সিংড়া থানাধীন জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ বেল্লাল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে জুয়ার আসর বসিয়ে খেলছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা ৬ থেকে ৭ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মোঃ নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ মিলন হোসেন (৩৫)।

অভিযানকালে তাঁদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, জুয়ার অ্যাপ সংবলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে সিংড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের এ ধরনের অভিযান অবৈধ জুয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ক/ক/টে/ল বি*স্ফো*র*ণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ক/ক/টে/ল বি*স্ফো*র*ণ

ছবি সদর থানার গেট

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ সংবাদদাতা

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

এ মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ সহ সহযোগি সংগঠনের ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩০০ জনকে অজ্ঞাত আসামী দেখানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে কার‌্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা মাঠে নামেন ।

তারা সকাল থেকে  লগি-বৈঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শহরের লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লীবিদ্যুৎ মোড়, সদর উপজেলার কাঠি সহ বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া তারা কভার্ড ভ্যান, বাস, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ সহিংস ঘটনা ঘটায় । ওই দিন ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ কেটে সড়কে ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে । এতে চরম ভোগান্তীর শিকার হয় সাধারণ মানুষ। জনমনে দেখা দেয় আতংক। সোমবার (৯ নভেম্বর) রাতে জনমনে আতংক সৃষ্টির জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায়।

ওই দিন রাতে রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।