জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী, কপ৩১-এ ৫ দাবি
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, বরং পর্যাপ্ত অনুদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বিশ্বনেতাদের সামনে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন তিনি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণ-ত্রাণ সুবিধা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব দাবি জানান। একই সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি।
জলবায়ু মোকাবিলায় পাঁচ দফা দাবি
ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সম্মুখসারির দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
তিনি বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নিচ্ছে।
বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা তৈরি করছে। ক্রমবর্ধমান ঋণ পরিশোধ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, অনুদান প্রয়োজন।
এ পরিস্থিতি মোকাবিলায় তিনি পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—
1. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ এবং নির্গমন কমানোর প্রচেষ্টায় সহায়তা দেওয়া।
2. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
3. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
4. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো।
5. কপ৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আহ্বান জানান।
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে
দেশের পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানাসহ সবুজ শিল্পকে উৎসাহিত করা হচ্ছে। বৈদ্যুতিক যানবাহন ও পাটজাত পণ্যের প্রসারের পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কথাও জানান তিনি।
বনায়ন ও নদী ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জলাধারণ ক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধির লক্ষ্য রয়েছে। পাশাপাশি উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বনায়ন করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা সংকটে সহযোগিতা কামনা
কপ৩১ সম্মেলনের সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে দেশটি সফরের আশা প্রকাশ করেন।
বৈঠকে তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। সংকট সমাধানে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা এবং পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ, ২৫ কোটি গাছ রোপণ ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন
কপ৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়নে যান। এ সময় তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে ব্যাগ, ছোটখাটো সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। অনেকেই এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন। পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান
এদিকে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান এমিন এরদোয়ান। এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়। মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম
নিউজের বিভাগ: জাতীয়

আপনার মতামত লিখুন