খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

তিন ধারার শিক্ষাব্যবস্থায় আসছে সমন্বয়, চালু হতে পারে ক্রেডিট ট্রান্সফার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তিন ধারার শিক্ষাব্যবস্থায় আসছে সমন্বয়, চালু হতে পারে ক্রেডিট ট্রান্সফার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশের সাধারণ, কওমি ও আলিয়া শিক্ষাব্যবস্থার মধ্যে বিদ্যমান বিভাজন দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ক্রেডিট ট্রান্সফার সিস্টেমের আদলে একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাইলে এক শিক্ষাধারা থেকে অন্য ধারায় ভর্তি হতে পারবেন। পাশাপাশি এসএসসি পর্যন্ত বিভাগ বিভাজন তুলে দেওয়া, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করা এবং আরবি ভাষার দক্ষতার সনদ চালুর পরিকল্পনাও রয়েছে।

এসব বিষয় অন্তর্ভুক্ত করে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদি শিক্ষা খাতের অ্যাকশন প্ল্যানের খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ। তবে তিন ধারার শিক্ষাব্যবস্থাকে একই কাঠামোয় আনার উদ্যোগ বাস্তবায়নে কওমি সংশ্লিষ্টদের সম্মতি পাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, নির্বাচনি ইশতেহারের আলোকে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিয়ে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে শুধু শিক্ষার্থীদের ভর্তির হার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো নয়, বরং শিক্ষার মান, মৌলিক দক্ষতা, চিন্তাশক্তি ও কর্মসংস্থান উপযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিন ধারার শিক্ষাকে এক ব্যবস্থায় আনার পরিকল্পনা

দেশের শিক্ষা কাঠামোয় সাধারণ শিক্ষার পাশাপাশি আলিয়া ও কওমি মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে দুর্গম অঞ্চলে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সীমাবদ্ধতার কারণে মাদ্রাসা শিক্ষা অনেক শিক্ষার্থীর শিক্ষার সুযোগ তৈরি করছে। অন্যদিকে কওমি মাদ্রাসায় এতিম ও দরিদ্র পরিবারের বিপুলসংখ্যক শিশু পড়াশোনা করছে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫ অনুযায়ী, দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে ষষ্ঠ থেকে কামিল পর্যন্ত শিক্ষার্থী ৪২ লাখ ৪৭ হাজার ২০ জন। ইবতেদায়িতে শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৫০০।

অন্যদিকে কওমি মাদ্রাসার মোট শিক্ষার্থীর সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করে না সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। তবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) অধীনে ২০২৬ সালে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৪১৭ শিক্ষার্থী। এ ছাড়া হাইয়াতুল উলইয়ার অধীনে প্রতিবছর দাওরায়ে হাদিস পরীক্ষায় গড়ে ২০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণ ও আলিয়া ধারার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাধারা পরিবর্তনের সুযোগ থাকলেও কওমি শিক্ষার্থীদের ক্ষেত্রে তা সীমিত। বিভিন্ন সময়ে কিছু কওমি শিক্ষার্থী আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে দাখিল পরীক্ষা দিলেও সমমানের সনদ ও ভর্তি-সংক্রান্ত জটিলতায় সেই সুযোগ সংকুচিত হয়েছে।

২০১৭ সালে কওমি শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্যে মাস্টার্সের সমমান দেওয়া হয়। তবে এর নিচের পাঁচটি স্তরের সমমান স্বীকৃতি না থাকায় শিক্ষার্থীদের শিক্ষাধারা পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়ে গেছে। পাশাপাশি দাওরায়ে হাদিসের সনদ দিয়ে সরকারি চাকরির কোন কোন ক্ষেত্রে আবেদন করা যাবে, তা নিয়েও স্পষ্টতা কম।

এর আগে ২০০৬ সালের ২৯ আগস্ট বিএনপি সরকারের আমলেও দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই বছরের ২০ ডিসেম্বর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হলেও রাজনৈতিক পরিবর্তন ও বিভিন্ন বাস্তবতায় তা পুরোপুরি কার্যকর হয়নি।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্টরা মনে করছেন, তিন ধারার শিক্ষায় ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা চালু হলে শিক্ষার্থী ঝরে পড়া কমবে, উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং আগের অর্জিত শিক্ষার স্বীকৃতি পাওয়া যাবে। এতে সময় ও অর্থের অপচয় কমার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাগত বৈষম্যও হ্রাস পেতে পারে।

এ ছাড়া ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি, প্রযুক্তি ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়বে। তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও আরবি ভাষায় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগও তৈরি হতে পারে।

বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন গ্রেডিং ও ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা চালু রয়েছে। ফলে শিক্ষার্থীরা এক প্রতিষ্ঠান থেকে অর্জিত ক্রেডিট অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করে পড়াশোনা চালিয়ে যেতে পারেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে একটি শিক্ষাধারায় কয়েক বছর পড়াশোনার পর আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু অন্য ধারায় যাওয়ার সুযোগ সীমিত থাকায় তাদের পড়াশোনা ছেড়ে দিতে হয়। তিন ধারার মধ্যে সমন্বয় করা গেলে আগের অর্জিত শিক্ষার স্বীকৃতি নিয়ে নতুন ধারায় পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

তবে উদ্যোগটি বাস্তবায়নে কওমি শিক্ষাসংশ্লিষ্টদের আপত্তি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, কওমি শিক্ষাব্যবস্থার নিজস্ব ধর্মীয় মূল্যবোধ, বিধিনিষেধ ও শিক্ষার লক্ষ্য রয়েছে। অন্য ধারায় যাওয়ার সুযোগ বাড়লে এই ব্যবস্থার স্বাতন্ত্র্য ও শিক্ষার্থীসংখ্যা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরবি ভাষার দক্ষতায় দেওয়া হবে সনদ

মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আরবি ভাষা শিক্ষার ধরন পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে অনেক ক্ষেত্রে আরবি শিক্ষা ধর্মীয় পাঠ ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। একে ব্যবহারিক ও বাণিজ্যিক কাজে ব্যবহারের উপযোগী করে গড়ে তুলতে চায় সরকার।

এ লক্ষ্যে আরবি ভাষায় দক্ষতার ভিত্তিতে মানসম্মত সনদ চালুর প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আরবি ভাষায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। কিন্তু ভাষাগত দক্ষতার অভাবে অনেক বাংলাদেশি শ্রমিক কর্মক্ষেত্রে পিছিয়ে পড়েন। এ ধরনের সনদ চালু হলে বিদেশে কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়ের সুযোগ বাড়তে পারে।

আধুনিক ও কর্মমুখী হবে মাদ্রাসা শিক্ষা

মাদ্রাসা শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা রয়েছে পাঁচ বছর মেয়াদি অ্যাকশন প্ল্যানে। ধর্মীয় শিক্ষার স্বাতন্ত্র্য বজায় রেখে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ জন্য বড় মাদ্রাসাগুলোতে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বা টেকনিক্যাল হাব প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে। এসব কেন্দ্রে ডাটা এন্ট্রি, নার্সিং, ফ্রিল্যান্সিংসহ শ্রমবাজারে চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। ধর্মীয় শিক্ষার সনদের পাশাপাশি কারিগরি দক্ষতার সনদ দেওয়ার ব্যবস্থাও চালুর চিন্তা রয়েছে।

এ ছাড়া আলিয়া মাদ্রাসাগুলোতে উচ্চগতির ইন্টারনেট, কম্পিউটার ল্যাব ও আধুনিক প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করে ডিজিটাল মাদ্রাসা উদ্যোগ জোরদারের প্রস্তাব করা হয়েছে।

কওমি মাদ্রাসাগুলোর তথ্যের ঘাটতি দূর করতে ব্যানবেইসে সব কওমি মাদ্রাসার নিবন্ধন বাধ্যতামূলক করার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

পাশাপাশি আলিয়া মাদ্রাসায় নারী শিক্ষক ও প্রশাসকের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫ অনুযায়ী, দাখিল থেকে কামিল স্তরের ৯ হাজার ২৯৬টি মাদ্রাসায় মোট শিক্ষক ১ লাখ ৩৮ হাজার ৬৭৫ জন। এর মধ্যে নারী শিক্ষক ৩১ হাজার ৫০ জন, যা মোট শিক্ষকের ২২ দশমিক ৩৯ শতাংশ।

এ ছাড়া ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে জাতীয়করণ অথবা সাধারণ প্রাথমিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মান ও সুযোগ-সুবিধার আওতায় আনার প্রস্তাব রয়েছে।

সংশ্লিষ্টরা যা বলছেন

কওমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, কোনো শিক্ষার্থী ব্যক্তিগতভাবে ভিন্ন ধারায় পড়াশোনা করতে চাইলে তার সেই সুযোগ থাকা উচিত। তবে প্রাতিষ্ঠানিকভাবে তারা চান, শিক্ষার্থীরা কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থার মধ্য দিয়েই পড়াশোনা সম্পন্ন করুক।

তিনি বলেন, কওমি শিক্ষাব্যবস্থার মাধ্যমে তারা যে যোগ্যতাসম্পন্ন মানুষ তৈরি করতে চান, অন্য কোনো শিক্ষাধারায় সেই লক্ষ্য বা পরিকল্পনা নেই। শিক্ষার্থীরা মাঝপথে অন্য ধারায় চলে গেলে তাদের এই লক্ষ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মাহফুজুল হক আরও বলেন, এ বিষয়ে বিকল্প একটি উদ্যোগ নিয়ে কাজ করছেন তারা। ইতিমধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলিংয়ের সঙ্গে বৈঠক হয়েছে এবং আলোচনা অনেক দূর এগিয়েছে। উদ্যোগটি বাস্তবায়নের দিকে এগোবে বলে আশা করছেন তারা।

আরবি ভাষার দক্ষতার সনদ চালুর বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে যে চিন্তা-চেতনা, আমল-আখলাক ও জীবনাচরণের চর্চা গড়ে তুলতে চান, তা অক্ষুণ্ন রাখা জরুরি। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে কওমি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তাদের পরিবেশ ও ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদ্রাসা ও কারিগরি বিভাগের দুই শীর্ষ কর্মকর্তা বলেন, উদ্যোগটি ভালো হলেও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মতামত প্রয়োজন। সাধারণ শিক্ষায় বড় ধরনের সমস্যা না থাকলেও ধর্মীয় শিক্ষাব্যবস্থায় বিভাজন বেশি। ফলে সংশ্লিষ্টরা উদ্যোগটি কীভাবে গ্রহণ করেন, সেটিই দেখার বিষয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, উদ্যোগটি ভালো। একজন শিক্ষার্থী কেন ইচ্ছা না থাকা সত্ত্বেও একটি শিক্ষাধারায় আটকে থাকবেন? এক ধারায় পিছিয়ে পড়লে অন্য ধারায় যাওয়ার সুযোগ থাকা উচিত।

পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব রাহনুমা নাহিদ কালবেলাকে বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এসব পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আলোচনা এখনো খসড়া পর্যায়ে রয়েছে। পরিকল্পনার ওপর সংশ্লিষ্ট সবার মতামত চাওয়া হয়েছে। অনেকেই ইতিমধ্যে মতামত দিয়েছেন। বাকি মতামত পাওয়ার পর পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ।

এ ছাড়া শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কর্মসূচির চাল বিক্রি শুরু হচ্ছে।

খাদ্য ব্যয় কমানো এবং পোশাকশ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।

এ কর্মসূচির আওতায় চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী, কপ৩১-এ ৫ দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী, কপ৩১-এ ৫ দাবি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, বরং পর্যাপ্ত অনুদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বিশ্বনেতাদের সামনে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন তিনি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণ-ত্রাণ সুবিধা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব দাবি জানান। একই সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি।

জলবায়ু মোকাবিলায় পাঁচ দফা দাবি

ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সম্মুখসারির দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।

তিনি বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নিচ্ছে।

বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা তৈরি করছে। ক্রমবর্ধমান ঋণ পরিশোধ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, অনুদান প্রয়োজন।

এ পরিস্থিতি মোকাবিলায় তিনি পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—

1. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ এবং নির্গমন কমানোর প্রচেষ্টায় সহায়তা দেওয়া।

2. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

3. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

4. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো।

5. কপ৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।

ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আহ্বান জানান।

২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে

দেশের পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানাসহ সবুজ শিল্পকে উৎসাহিত করা হচ্ছে। বৈদ্যুতিক যানবাহন ও পাটজাত পণ্যের প্রসারের পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কথাও জানান তিনি।

বনায়ন ও নদী ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জলাধারণ ক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধির লক্ষ্য রয়েছে। পাশাপাশি উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বনায়ন করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা সংকটে সহযোগিতা কামনা

কপ৩১ সম্মেলনের সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে দেশটি সফরের আশা প্রকাশ করেন।

বৈঠকে তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। সংকট সমাধানে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা এবং পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ, ২৫ কোটি গাছ রোপণ ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন

কপ৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়নে যান। এ সময় তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে ব্যাগ, ছোটখাটো সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে।

প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। অনেকেই এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন। পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

এদিকে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান এমিন এরদোয়ান। এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়। মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

নিউজের বিভাগ: জাতীয়